সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
সংবাদদাতা: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে লিফলেট বিতরণ করেছেন ব্যবসায়ী ও সমাজসেবক মাওলানা ওমর ফারুক। রোববার (১ নভেম্বর) সকালে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে তিনি এসব লিফলেট বিতরণ করেন। তিনি সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সদস্য।
এ সময় তিনি ডেঙ্গুর লক্ষণ, এডিস মশার প্রজননস্থল এবং মশার বিস্তার রোধে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করেন। পাশাপাশি বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
মাওলানা ওমর ফারুক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।









