শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: নাগরিক অধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর উদ্যোগে ‘নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা’ শনিবার সকালে সাতক্ষীরার পানসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্লাস্ট খুলনা ইউনিটের উপদেষ্টা অ্যাডভোকেট অশোক কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম এবং ড. দিলীপ কুমার দেব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যানেল আইনজীবী ও সাংবাদিক খায়রুল বদিউজ্জামান।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন এ এম মনিরুজ্জামান জেলা প্রকল্প কর্মকর্তা, ব্লাস্ট ফ্রিড প্রকল্প। তিনি জানান, প্রকল্পের আওতায় ফেলোশিপ কর্মসূচি, সিভিল সোসাইটি ও মানবাধিকার কর্মীদের জন্য প্রশিক্ষণ এবং স্থানীয় সিএসও সদস্যদের সমন্বয়ে ‘সিভিক ভয়েস অ্যান্ড রাইটস প্রোটেকশন নেটওয়ার্ক’ গঠন করা হবে। পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল অধিকার, আইনগত সহায়তা ও মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, অ্যাডভোকেট মুহাঃ মনিরুদ্দীন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট রবিউল ইসলাম লিটিল, অ্যাডভোকেট সালমা আক্তার বানু, অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন লিমা, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জোসনা দত্ত, সাংবাদিক আহসানুর রহমান রাজিব, মানবাধিকার কর্মী সাকিবুর রহমান বাবলা, মোঃ রনি হোসেন, ইবনুল নাসিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, নাগরিক অধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং নাগরিক সমাজের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা জরুরি। এ ধরনের উদ্যোগ নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও আইনজীবী এস. এম. বিপ্লব হোসেন।

 

 

Ads small one

জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন

সংবাদদাতা: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা শিশুরোগ বিশেষজ্ঞ প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকাল ৪টায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম হোসেন।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খান সাতক্ষীরা তথা দেশের গর্ব। তিনি তার জীবদ্দশায় শিশুদের সেবায় ও কল্যাণে আজীবন কাজ করে গেছেন। প্রতিযশা শিশু বিশেষজ্ঞ ডাঃ এম আর খান দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সাতক্ষীরা শিশু হাসপাতালকে ৫০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে পরিণত করার পরিকল্পনা আছে আমাদের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশ’র মহাসচিব ইঞ্জিনিয়ার রেজা করিম ও ট্রেজারার ওবায়দুল কবির খান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একরামুল কবির খান, জাতীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু, ডাঃ সুশান্ত ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন চত্বরে বৃক্ষরোপণ করেন বিভিন্ন সেক্টরের কার্যক্রম পরিদর্শন করেন অতিথিবৃন্দ। প্রয়াত জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইন্সটাক্টর মোঃ আশিকুর রহমান ও থযমাস সাপোর্ট সার্ভিসেস সেন্টারের শিক্ষক জাহানারা খাতুন।

 

সাতক্ষীরায় শিক্ষক পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
সাতক্ষীরায় শিক্ষক পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ

সংবাদদাতা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুয়ায়ী কর্মরত প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটিতে সাতক্ষীরা জেলায় মহাপরিচালক এর প্রতিনিধি হিসাবে মনোনয়ন পেয়েছেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান।

গত বুধবার (২৯ জুলাই, ২০২৬) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চল-এর পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর ফলে অধ্যক্ষ খলিল সাতক্ষীরা জেলায় বেসরকারি কলেজের কর্মরত প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানের লক্ষ্যে গঠিত কমিটিতে তালিকাভুক্ত হয়েছেন। এজন্য অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানকে ঝাউডাঙ্গা কলেজ পরিবার, শুভাকাঙ্খী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।

 

ত্রিশ মাইলমোড় ইজিবাইক সমিতির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি নাজমুল, সম্পাদক আশরাফ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
ত্রিশ মাইলমোড় ইজিবাইক সমিতির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি নাজমুল, সম্পাদক আশরাফ

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ৩০ মাইলমোড় ইজিবাইক সমিতির এক বছর মেয়াদি নির্বাচন শনিবার (১ আগস্ট) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সমিতির ১০৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিভিন্ন পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন উপলক্ষে দুপুর ১টায় বাজার কমিটি ও ইজিবাইক সমিতির সদস্যদের অংশগ্রহণে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়। পরে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার।

ফলাফলে সভাপতি পদে নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম, ক্যাশিয়ার পদে ফারুক হোসেন, সহ-সভাপতি পদে জাহিদ হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক পদে মারুফ হোসেন নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন নগরঘাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুজ্জামান মুকুল, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ এবং ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ফারুক হোসেন।

সাধারণ ভোটাররা জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা এবং সুখে-দুঃখে সদস্যদের পাশে থেকে কাজ করবেন।

এদিকে, নির্বাচন চলাকালে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক মারুফ হুসাইন।