সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
নিজস্ব প্রতিনিধি: গণভোটের গণরায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
শনিবার (৪ জুলাই) বিকেল চারটায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। মিছিলে নেতা-কর্মীরা জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন জরুরি। সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি সরকারের প্রতি প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান।
জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু, আমার বাংলাদেশ পার্টির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দীন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদি হাসান।
সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা এবং জুলাই আন্দোলনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে সরকারের আন্তরিক হওয়া প্রয়োজন। কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।





