সাতক্ষীরার কলারোয়ায় দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
আরিফ মাহমুদ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় সামির হোসেন (১৫) নামের এক দাখিল পরীক্ষার্থী ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ মে) সকালে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার একটি আমবাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
সামির হোসেন ওই গ্রামের মারুফ হোসেনের পুত্র। সে চলমান দাখিল পরীক্ষার্থী এবং সোনাবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি আম বাগানে সকলের অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সামির হোসেন। সকালে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ওসি এইচএম শাহিন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।









