সাতক্ষীরার বিলে বিলে ফাঁদ ও এয়ারগানে পাখি শিকার, হুমকিতে জীববৈচিত্র্য
রাতের আঁধারে বক-পানকৌড়িসহ দেশীয় পাখি নিধন, প্রশাসনের অভিযানের আশ্বাস
আসাদুজ্জামান সরদার: সাতক্ষীরার বিভিন্ন বিল, মাছের ঘের ও জলাশয়ে ফাঁদ, এয়ারগান, কারেন্ট জাল এবং শব্দযন্ত্র ব্যবহার করে অবাধে চলছে পাখি শিকার। বক, পানকৌড়ি, ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ও পরিযায়ী পাখি শিকারের কারণে হুমকির মুখে পড়েছে এলাকার জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য।
বাঁশের চটা দিয়ে তৈরি বিশেষ কাঠামোর ভেতরে লাইলনের সরু সুতায় মাছ বেঁধে পাখি ধরার ফাঁদ পাতা হচ্ছে। মাছ খেতে এসে বক ঠোকর দিলেই তার গলা বা পা ফাঁসে আটকে যাচ্ছে। এ ছাড়া রাতের আঁধারে বিলের মধ্যে কারেন্ট জাল পেতে এবং সাউন্ড বক্সে পাখির ডাক নকল করে পাখি শিকার করা হচ্ছে।
সাতক্ষীরা শহরের রাজারবাগান বিল, ডায়ের বিল, মাছখোলা বিল, হরিণখোলা, গোলপাতা বিল, গদাই ও খড়িবিলসহ বিভিন্ন জলাশয়ে শিকারিদের তৎপরতা বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এসব এলাকায় বিপুলসংখ্যক পাখি শিকার করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে রাজারবাগান এলাকার এক কৃষক জানান, প্রতিদিন শুধু রাজারবাগান বিলেই ফাঁদ দিয়ে ২০ থেকে ৩০টি বক ধরা হচ্ছে। আশপাশের বিলগুলোতেও নির্বিচারে পাখি শিকার চলছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিবেশের উপকারী এসব পাখি হারিয়ে যাবে।
তালা উপজেলা ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি জুলফিকার রায়হান জানান, তালা ও সাহাপুরসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক ক্যাম্পেইন ও অভিযান চালিয়ে কিছু এয়ারগান ও ফাঁদ উদ্ধার করা হয়েছে। তবে বন বিভাগের জনবল সংকট এবং প্রশাসনের কাক্সিক্ষত সহযোগিতার অভাবে কার্যকরভাবে শিকার বন্ধ করা যাচ্ছে না। ডুমুরিয়া অঞ্চল থেকে আসা বিশেষ সাউন্ড বক্স ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা বলেন, পরিযায়ী পাখির পাশাপাশি স্থানীয় বক, ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখি নির্বিচারে শিকার করা হচ্ছে। শিকার করা পাখি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে গোপনে বিক্রির পাশাপাশি বিভিন্ন বাজারেও বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
তিনি এলাকাভিত্তিক প্রতিরোধ সেল গঠন, রাতে পুলিশ ও জনপ্রতিনিধিদের নজরদারি, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং গ্রামপুলিশ ও আনসানের মাধ্যমে পর্যবেক্ষণ জোরদারের দাবি জানান।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ অনুযায়ী পাখি শিকার, হত্যা, আটক, ক্রয়-বিক্রয় ও পরিবহন দ-নীয় অপরাধ। আইন অনুযায়ী, প্রথমবার পাখি শিকার বা হত্যার অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদ- বা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দ- হতে পারে। একই অপরাধের পুনরাবৃত্তিতে শাস্তি দ্বিগুণ হওয়ার বিধান রয়েছে। এ ছাড়া পাখি কেনাবেচা, দখলে রাখা ও পরিবহনের ক্ষেত্রেও শাস্তির বিধান রয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন বলেন, পাখি শিকারের বিষয়টি তাঁর নজরে আনার জন্য ধন্যবাদ। পাখি শিকার দ-নীয় অপরাধ। এ বিষয়ে দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









