সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সংবাদদাতা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের নির্দেশনায় দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল থেকেই জেলার বিভিন্ন বিদ্যালয় ব্যানার, পোস্টার ও জাতীয় পতাকায় সাজানো হয়। সাতক্ষীরা সদর উপজেলার টাউন সুলতানপুর, এল্লারচর, দক্ষিণ কাটিয়া, সিলভার জুবিলী মডেল ও পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়; শ্যামনগরের নকিপুর ও হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়; কালীগঞ্জের মহৎপুর ও দেউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; দেবহাটার পারুলিয়া, চ-ীপুর ও উত্তর আসকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কলারোয়ার রামভদ্রপুর, সোনাবাড়িয়া, দক্ষিণ ভাদিয়ালি ও হিজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।
এদিকে জেলার বিভিন্ন উপজেলায়ও দিবসটি উপলক্ষে কর্মসূচি পালিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তালা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, ৭ নভেম্বর জাতিকে এক কাতারে নিয়ে আসে। সিপাহী-জনতার সংহতি ও বিপ্লব আধিপত্যবাদী শক্তিকে পরাভূত করে। জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য তিনি শিক্ষকদের ধন্যবাদ জানান এবং কর্মসূচি বাস্তবায়নে তাঁদের আন্তরিকতার প্রশংসা করেন।












