সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের সাফল্য: ৬ মাসে ৮০ লাখ টাকা আদায়
বদিউজ্জামান: বিনা খরচে, স্বল্প সময়ে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমের মাধ্যমে সাফল্য পেয়েছে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিস। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ১ হাজার ৪৭টি বিরোধ নিষ্পত্তি করে ক্ষতিগ্রস্তদের অনুকূলে ৮০ লাখ ৬৭ টাকা আদায় করে দিয়েছে সংস্থাটি। এর ফলে আদালতে নতুন মামলার চাপ যেমন কমছে, তেমনি বিচারপ্রার্থীরাও দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন।
জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ১ হাজার ৩৮০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ২৭৯টি মামলা দায়ের করা হয়েছে এবং ৪৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে এডিআর কার্যক্রমের আওতায় ১ হাজার ১০১টি আবেদনের মধ্যে ১ হাজার ৪৭টি বিরোধ নিষ্পত্তি হয়। এই ছয় মাসে জেলা লিগ্যাল এইড অফিস থেকে ৮৯০ জন নারী ও ২২৩ জন পুরুষকে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৮৬৭ জন ব্যক্তি বিভিন্ন ধরনের আইনি সহায়তা পেয়েছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আদালতের বাইরে দ্রুত ও বিনা খরচে বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হওয়ায় লিগ্যাল এইড অফিস সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই কার্যক্রম সফল করতে জেলা লিগ্যাল এইড অফিসের চিফ লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মোস্তাফিজুর রহমান, লিগ্যাল এইড অফিসার লিটন দাস এবং স্পেশাল মেডিয়েটর মো. শহিদুল ইসলাম দায়িত্ব পালন করছেন। সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে এই কার্যক্রম আরও গতিশীল হয়েছে।
চিফ লিগ্যাল এইড অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন। মামলার জট কমাতে সরকার লিগ্যাল এইডের মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তিকে অগ্রাধিকার দিচ্ছে। জেলা পর্যায়ে সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।












