সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক বনভোজন ও দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন
শেখ আব্দুল আলিম: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক বনভোজন, মেধা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২১ মে (বৃহস্পতিবার) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। এ সময় শিশুদের স্বরচিত লেখা ও আঁকা ছবি নিয়ে প্রকাশিত দেয়াল পত্রিকা ‘চেতনা’র মোড়ক উন্মোচন করা হয়।
সকাল সাড়ে আটটায় পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আহমেদুর রহিম ও উপাধ্যক্ষ ছন্দা রাহা।
এর আগে অতি প্রত্যুষেই ছোট ছোট সোনামণিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গণ। শিশুদের হাতে সকালের নাশতা তুলে দেওয়ার পর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে গত ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে মেধা পুরস্কার তুলে দেওয়া হয়। প্রিয় সহপাঠীদের পুরস্কার প্রাপ্তির মুহূর্তে মুহুর্মুহু করতালি আর আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।
অধ্যক্ষ মো. আহমেদুর রহিম বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ ও পড়াশোনার পাশাপাশি বিনোদনের সুযোগ করে দিতেই আমাদের এই নিয়মিত আয়োজন।”
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয়ের বার্ষিক দেয়াল পত্রিকা “চেতনা”র মোড়ক উন্মোচন। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ যৌথভাবে এর মোড়ক খোলেন। দেয়াল পত্রিকায় নিজেদের স্বহস্তে আঁকা চিত্রাঙ্কন, স্বরচিত গল্প, কবিতা ও ছড়া স্থান পাওয়ায় আনন্দের বাড়তি আমেজ তৈরি হয় শিক্ষার্থীদের মাঝে।
দুপুরের মধ্যাহ্নভোজের পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি ও গজল পরিবেশন করে। সবশেষে অনুষ্ঠিত হয় সবার কাক্সিক্ষত র্যাফেল ড্র। এবারের লটারিতে প্রথম পুরস্কার জিতে নেয় কেজি শ্রেণির মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী আবরার আহছান আনান। এ ছাড়া বিশেষ আকর্ষণীয় ৫০তম পুরস্কারটি জিতে নেয় দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্রী আফিয়া সুলতানা।









