সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচনে আদালতের নোটিশ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ২০২৬ সালের নির্বাচনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ ওঠার পর বিষয়টি আদালতে গড়িয়েছে। নির্বাচনসংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট বিবাদীদের কারণ দর্শানোর (শো কজ) নোটিশ জারি করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালত এ নোটিশ দেন। মামলার ১৬ থেকে ১৮ নম্বর বিবাদীদের নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে শেখ হাসান উদ্দীন বাদী হয়ে সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি (মামলা নম্বর: ১৯৫/২৬) করেন। মামলায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহুরুল হকসহ মোট ১৮ জনকে বিবাদী করা হয়েছে।
মামলার বিবরণ ও বাদীপক্ষের অভিযোগে বলা হয়, বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম করা হচ্ছে। কোনো গাড়ির ব্লু-বুকে মালিকের নাম না থাকা সত্ত্বেও অনেককে ভোটার হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, অথচ একই পদে অন্য প্রার্থীর ক্ষেত্রে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে। এমন সিদ্ধান্ত সংগঠনের গঠনতন্ত্রের ২৪ নম্বর ধারার স্পষ্ট লঙ্ঘন।
অভিযোগে আরও বলা হয়, সমিতির দুটি বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত না করেই বহাল রাখা হয়েছে এবং এ অবস্থাতেই নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ চলছে। এতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বৈধতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
আদালতের নোটিশে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বিবাদীরা নিজেরা বা তাঁদের নিয়োজিত আইনজীবীর মাধ্যমে উপস্থিত হয়ে কারণ না দর্শালে আইন অনুযায়ী মামলাটি একতরফা শুনানি ও নিষ্পত্তির জন্য পরবর্তী পদক্ষেপে নেওয়া হবে।









