শ্যামনগরে র্যাবের অভিযানে ফেন্সিডিল, ওষুধ ও কসমেটিকস উদ্ধার: আটক ১
সংবাদদাতা: শ্যামনগরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কোরেক্স সিরাপ (ফেনসিডিল সদৃশ), নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওষুধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় গাজী মো. নুরুজ্জামান (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। শুক্রবার ভোররাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী সীমান্ত এলাকায় নদীপথে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক গাজী মো. নুরুজ্জামান পারশেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে।
র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, ভারত থেকে নদীপথে মাদকের একটি বড় চালান আসছেÑএমন গোপন সংবাদের ভিত্তিতে পারশেখালী সীমান্তে অভিযান চালানো হয়।
এ সময় ৬০০ বোতল কোরেক্স সিরাপ, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওষুধ ও কসমেটিকস সামগ্রীসহ নুরুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।









