সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব
সংবাদদাতা: সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশনা উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (২৬ এপ্রিল) সকালে কলেজ মসজিদের সামনে এই উৎসবের আয়োজন করে সংগঠনের কলেজ শাখা।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানান। সৃজনশীল মেধা বিকাশে বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাসের পরামর্শ দেন।
ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার কলেজ থানা শাখা আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার সভাপতি মুহা. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহর শাখার সেক্রেটারি মুহা. নুরুন্নবী।
সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেক্রেটারি জিয়াউর রহমান ফাইভ। অনুষ্ঠানে সংগঠনের শহর শাখার সেক্রেটারিয়েট সদস্য ও কলেজ শাখার সাবেক সভাপতিরা উপস্থিত ছিলেন। প্রকাশনা উৎসবে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সাময়িকী ও প্রকাশনা প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে নববর্ষের স্মারক ও প্রকাশনা বিতরণ করা হয়।









