সীমান্তে সতর্ক অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থান জোরদার করেছে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। রাতের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের পাশাপাশি থার্মাল ক্যামেরাযুক্ত ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।
গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।
তিনি জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করতে থার্মাল ক্যামেরাযুক্ত ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪ হাজার ১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে বিজিবির যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার। এ অঞ্চলে যশোর রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে দায়িত্ব পালন করছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত যশোর রিজিয়নের অধীন ব্যাটালিয়নগুলোর অভিযানে ১৫৫ জন আসামিসহ মোট ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
আটক মালামালের মধ্যে রয়েছে ৯ কেজি ৩৪৯ গ্রাম স্বর্ণ, ৯৪ কেজি ২৫০ গ্রাম কষ্টিপাথর, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, ৩ হাজার ১৯৯ বোতল বিদেশি মদ, ২ কেজি ৪২৮ গ্রাম হেরোইন, ২০৭ কেজি ৬১০ গ্রাম গাঁজা, ৭৭ হাজার ৪৭৮টি ইয়াবা, ১ হাজার ১৫৮ বোতল ফেন্সিডিল, ৭ কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২২ হাজার ৭৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।
অধিনায়ক আরও বলেন, সীমান্ত ব্যবহার করে কেউ যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ বা দেশ থেকে বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা ও জনগণের জানমালের সুরক্ষায় নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির অস্বাভাবিক চলাচল কিংবা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর আহ্বান জানান।












