তালায় সবুজ বাংলা সিআইজি কৃষক ফসল সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন
নিজস্ব প্রতিনিধি: তালায় উৎসবমুখর পরিবেশে সবুজ বাংলা সিআইজি কৃষক ফসল সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সমিতির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত সেনা করপোরাল রফিকুল ইসলাম খাঁ, সাধারণ সম্পাদক হয়েছেন শিক্ষক শ্যামল চৌধুরী এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান গাজী।
সমিতির মূল লক্ষ্য হলো কৃষকদের সংগঠিত করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। এ লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ, উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়, উৎপাদন খরচ কমানো, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সম্মিলিতভাবে কৃষিপণ্য বাজারজাতকরণে এ ধরনের সংগঠন ভূমিকা রাখে।
নবনির্বাচিত কমিটির মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং কৃষকদের স্বার্থ সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি ও সদস্যদের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।






