বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হলেও প্রশাসনিকভাবে এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তাই হলের নামফলক থেকে ওসমান হাদির নাম মুছে আগের নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন।

গত বছরের ১৯ ডিসেম্বর রাত আড়াইটার দিকে হলের মূল ফটকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা একটি ব্যানার টানানো হয়। তখন হল সংসদের সাধারণ সম্পাদক আল সাবাহ গণমাধ্যমকে জানিয়েছিলেন, হলের শিক্ষার্থীদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে এবং অধিকাংশ শিক্ষার্থী নাম পরিবর্তনের দাবির পক্ষে মত দিয়েছেন।

হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. জবান আলী বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হল প্রশাসনের পক্ষ থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হচ্ছে।

লিখিত আবেদন করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘লিখিত আবেদন আমাদের কাছে নেই। মৌখিকভাবে বারবার এসে তারা আমাদের বিরক্ত করছে। অভিভাবকরা বিভ্রান্ত হন। তাদের সার্টিফিকেটে এক নাম, আর বলা হচ্ছে আরেক নাম। এখন শুধু শেখ মুজিবুর রহমান হল লেখা হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘গত সিনেটে আগের সব নাম আগের মতো রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন সেটাই করা হচ্ছে।’

এর আগে ২০২৫ সালের ২০ ডিসেম্বর রাতে হলের মূল ফটক থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়েছিল। শিক্ষার্থীরা ওই নাম পরিবর্তন করেন।

শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের দাবিতে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিলেন ডাকসুর নেতারা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করা হয়।

একই সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’ করারও সুপারিশ করা হয়।

তবে ২৯ জুন অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট অধিবেশনে শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ ঘটনায় ডাকসুর পাঁচ সিনেট সদস্য অধিবেশন থেকে ওয়াকআউট করেন। পরে প্রস্তাবটি পুনরায় সিন্ডিকেটে পাঠানোর সিদ্ধান্তের কথা জানানো হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি মুছে ফেলার কাজ শুরু হয়। পরে সেখানে পুরোনো নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখার প্রস্তুতি নেওয়া হয়।

হল প্রশাসনের পক্ষ থেকেই নামটি সরিয়ে ফেলা হচ্ছে বলে জানিয়েছেন হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। সামাজিক যোগাযোগমাধ্যমে নামফলক সরানোর একটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সামনে এসে অনেকে বিভ্রান্ত হয়ে যায় হল চিনতে। আজ থেকে আর সেই বিভ্রান্তি থাকবে না। আগের নামটি ছিঁড়ে ফেলা হচ্ছে।’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে হলটির নাম বর্তমানে ‘শেখ মুজিবুর রহমান হল’ হিসেবেই উল্লেখ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের হল-সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, ১৯৮৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এ হলটির নাম শেখ মুজিবুর রহমানের নামে করা হয়।

Ads small one

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণদের মাঝে জীবনজীবিকার উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণদের মাঝে জীবনজীবিকার উপকরণ বিতরণ

সংবাদদাতা: যশোরের অভয়নগরে জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে নানা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার টেকারঘাট ভিলেজ মার্কেটে উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ ও অভয়নগর উপজেলা পানি কমিটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

 

এতে সভাপতির বক্তব্য দেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদার এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন। অনুষ্ঠানে পায়রা ইউনিয়নের সুবিধাভোগী নারীদের স্বাবলম্বী করতে ক্ষুদ্র ব্যবসা, ছাগল পালন, হস্তশিল্প ও মৎস্য চাষের জন্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে বিকল্প আয়ের পথ উন্মুক্ত করা জরুরি।

সাতক্ষীরায় ‘স্পিরিট কল’ প্রকল্পের সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় ‘স্পিরিট কল’ প্রকল্পের সমন্বয় সভা

শিশু ও যুবদের দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাতক্ষীরায় অংশীজনদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) ও টের দেস হোমসের (টিডিএইচ) সহযোগিতায় এ সভা আয়োজিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিত কুমার দাসের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও যুব প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, খেলাধুলা ও সামাজিক নানা উদ্যোগের মাধ্যমে শিশুরা যেমন মাদক ও অনৈতিক কাজ থেকে দূরে থাকছে, তেমনি তাদের জীবনের দক্ষতাও বাড়ছে। শিশু বাজেট বাস্তবায়নে স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী সাবরিনা জেসমিন।

পাইকগাছায় কপোতাক্ষ নদের বাঁধে তালের চারা ও বীজ রোপণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
পাইকগাছায় কপোতাক্ষ নদের বাঁধে তালের চারা ও বীজ রোপণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের ঝুঁকি কমাতে খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে তালের চারা ও বীজ রোপণ করা হয়েছে। বুধবার সকালে বোয়ালিয়া এলাকায় পরিবেশবাদী সংগঠন ‘বনবিবি’র উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সমাজসেবক সুকনাথ পাল ও রাবেয়া বেগম উপস্থিত ছিলেন। সংগঠনটি জানায়, বেড়িবাঁধের সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় ৫০০ তালের বীজ ও চারা রোপণ করা হয়েছে। তালের শিকড় মাটির গভীরে গিয়ে নদীর বাঁধ ক্ষয় থেকে রক্ষা করতে সহায়ক ভূমিকা রাখবে।