৪০০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে কড়ইগাছটি, কোন জেলায়?
শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে ফেনী শহরের দক্ষিণ প্রান্তে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৪০০ বছরের এক বিশাল কড়ইগাছ। সময়ের স্রোত বদলে গেলেও ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাংক রোডের পাশের এই মহীরুহ যেন নিজের অস্তিত্বে ধরে রেখেছে পুরোনো দিনের স্মৃতি।
গ্র্যান্ড ট্রাংক রোড সম্প্রসারণ কাজে গাছটি সরানোর চেষ্টা করা হলেও বৃক্ষপ্রেমীদের প্রতিবাদের কারণে তা হয়নি। কীভাবে এই প্রাচীন গাছটি রক্ষা করা যায়, তা নিয়ে এখন কাজ করছে প্রশাসন ও বন বিভাগ।
জানা যায়, শহরের দাউদপুল সংলগ্ন স্থানে গাছটির পাশে সাইনবোর্ডে এর নাম লেখা আছে ‘রেন্ডি কড়ই’।
অবশ্য স্থানীয়রা একে ‘বড় কড়ই গাছ’ নামেই জানেন। গাছটিতে বহু প্রজাতির পাখি এসে ভিড় জমায়। শহরে কেউ বেড়াতে এলে ঐতিহাসিক এ গাছটিও অনেকে দেখতে আসেন।
গাছের নিবিড় ছায়া আর পাখির কলকাকলি শহরের কোলাহলময় জীবনেও যেন প্রকৃতির এক দারুণ চিত্র।
গবেষকদের লাগানো সাইনবোর্ডের তথ্য অনুযায়ী, ঊনবিংশ শতকের দিকে তৎকালীন ফেনী মহকুমার প্রথম প্রশাসক কবি নবীনচন্দ্র সেন এ গাছের নিচে বসে কবিতা লিখতেন বলে জনশ্রুতি আছে। ওই সময়েই গাছটির বয়স দুই শতবর্ষ অতিক্রম করেছিল। সেই হিসাবে এর বর্তমান বয়স ৪০০ বছরের কাছাকাছি হতে পারে।
দাউদপুল চৌধুরী বাড়ির বাসিন্দা আমীর হোসেন চৌধুরী মোজাম্মেল বলেন, পূর্বপুরুষদের কাছে এই গাছ নিয়ে আমরা অনেক গল্প শুনেছি।
গাছের নিচে একসময় দূর-দূরান্ত থেকে আসা ভ্রমণার্থীরা রাত যাপন করতেন, বিশ্রাম নিতেন। তখনকার অভিজাত ব্যক্তিরা বিশ্রামার্থীদের আদর-আপ্যায়নের আয়োজন করতেন। তবে গাছটির আনুমানিক বয়স আমি জানি না।
শহরের পশ্চিম উকিলপাড়ার বাসিন্দা ননা মিয়া জানান, তারা শুনেছেন শেরশাহের আমলে গাছটি রোপণ করা হয়েছিল।
তিনি বলেন, জন্মের পর থেকেই গাছটিকে এভাবেই দেখে আসছি। বাবার বাবাও দেখেছিলেন। দাদা-নানারা এ নিয়ে অনেক কিচ্ছা-কাহিনি শোনাতেন। তবে গাছটির ইতিহাস কেউই সঠিকভাবে জানেন না।
স্থানীয়দের মতে, একসময় এ এলাকায় দোকানপাট ছিল না। ভয়ে মানুষ আসতে সাহস পেত না। ফেনী নদী থেকে প্রবাহিত একটি খাল ছিল এখানে, যা কালক্রমে হারিয়ে গেছে।
এখন অনেক দোকানপাট হলেও গাছটি আগের মতোই রয়ে গেছে। এই গাছে একসময় বহু সংখ্যক সাইনবোর্ড ও ব্যানার ঝুলানো থাকতো।
কয়েক বছর আগে সাংবাদিক মাহবুব উল হক পেয়ারা স্মৃতি ফাউন্ডেশন গাছটিকে সাইনবোর্ড ও ব্যানারমুক্ত করে এই গাছে পেরেক লাগানো নিষিদ্ধ ঘোষণা করেন।
ফাউন্ডেশনের উদ্যোক্তা ইমন-উল-হক বলেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায়, এমনকি এ জনপদের ৪০০ বছরের সাক্ষী গাছটিকে বাঁচানোর জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করি। এখন এই গাছে কেউ পেরেক মেরে সাইনবোর্ড লাগাতে পারেন না।
ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোশারফ হোসেন বাসসকে বলেন, গাছটি নিয়ে নানা জল্পনা-কল্পনা ছিল। দীর্ঘ গবেষণার পর এর জাত জানা গেছে। এটি রেন্ডি কড়ই, ইংরেজি নাম অ্যালবিজিয়া সামান।
প্রাচীন ঐতিহাসিক গাছ হিসেবে এটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।
তিনি বলেন, বিদেশে বহু স্থানে দেখেছি সড়কের মাঝখানে বৃহদাকার বৃক্ষ সংরক্ষিত রয়েছে। এটি যেমন মানুষের প্রকৃতির প্রতি আকর্ষণ বাড়ায়, তেমনি পরিবেশ রক্ষায়ও দারুণ ভূমিকা রাখে। প্রয়োজনে ঝুঁকিপূর্ণ ডালপালা কেটে ফেলা যেতে পারে।
সামাজিক বন বিভাগ ফেনীর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, সড়ক সম্প্রসারণের জন্য গাছটি অপসারণ করতে সড়ক বিভাগ থেকে চিঠি দেওয়া হয়। কিন্তু বৃক্ষপ্রেমীদের প্রতিবাদের মুখে গাছটি কাটা হয়নি।
তবে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ প্রাচীন বৃক্ষটির ব্যাপারে করণীয় নির্ধারণে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।
তবে অনেকে পুরোনো এ বৃক্ষটিকে ঝুঁকিও মনে করেন। কারণ এর ডালপালা সড়কের ওপর ভেঙে পড়ে প্রাণহানিসহ যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকে মনে করেন।
সিনিয়র সাংবাদিক আবু তাহের বলেন, গাছের ঝুঁকিপূর্ণ ডালপালাগুলো কেটে মূল অংশ সংরক্ষণ করা গেলে একদিকে যেমন গাছটি রক্ষা পাবে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও কমবে।









