৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরলেন অপহৃত জেলে
শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনে জলদস্যুদের হাতে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণের বিনিময়ে বাড়িতে ফিরেছেন জেলে ইসমাইল শেখ (২৮)। মঙ্গলবার রাতে জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে বুধবার সকালে তিনি বাড়িতে পৌঁছান। ইসমাইল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের মিজানুর শেখের ছেলে। গত রোববার সকালে সুন্দরবনে মাছ ধরার সময় তিনি জলদস্যুদের কবলে পড়েছিলেন।
ইসমাইলের পরিবার সূত্রে জানা গেছে, সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে ‘আলিম ওরফে আলিফ বাহিনী’র সদস্যরা অস্ত্রের মুখে তাঁকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাঁর মুক্তির জন্য বড় অঙ্কের টাকা দাবি করা হয়। মঙ্গলবার দুপুরের দিকে দস্যুদের দেওয়া একটি বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠানো হয়। টাকা পাওয়ার পর ওই রাতেই তাঁকে লোকালয়ে ফিরে আসা একটি জেলে নৌকায় তুলে দেয় দস্যুরা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, অন্যান্য জেলেদের মাধ্যমে একজনের অপহরণ হওয়ার খবর তাঁরা শুনেছিলেন। তবে মুক্তিপণের টাকা দিয়ে ওই জেলে ফিরে এসেছেন কি না, সে বিষয়ে বন বিভাগকে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সুন্দরবনের গহিন অরণ্যে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে প্রায়ই দস্যু বাহিনীর হাতে জেলে অপহরণের ঘটনায় স্থানীয় বনজীবী পরিবারগুলোর মধ্যে উদ্বেগ বিরাজ করছে।



