৮ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, সাত জেলায় তাপপ্রবাহ ব্যাহত
পত্রদূত ডেস্ক: দেশের দুই বিভাগের আটটি জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর মধ্যেই দেশের সাতটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির কারণে বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে (৮টি জেলা) কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাস অনুযায়ীÑময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসের পাশাপাশি তাপপ্রবাহের বিষয়েও জানিয়েছে আবহাওয়া অফিস। মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে ৮০ মিলিমিটার।










