নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা
সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
রবিবার সকালে অনুষ্ঠিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, আনন্দ টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি হাসানুর রহমান (হাসান), গণমাধ্যম ও মিডিয়া বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন, সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আজিবুব রহমান, ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন, পেশাজীবী অধিকার পরিষদের সদস্য ও সাংবাদিক মুজাহিদুর রহমান রাজু, যুব অধিকার পরিষদের সিনিয়র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা প্রশাসকের কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং তাঁর নেতৃত্বে সাতক্ষীরার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকান্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
একই সঙ্গে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতার প্রত্যাশা করা হয়। বক্তারা বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসন এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে গণঅধিকার পরিষদ সবসময় জনগণের অধিকার ও কল্যাণে কাজ করে যাবে। প্রেসবিজ্ঞপ্তি








