শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

চৌবাড়িয়ার ক্রিকেট যুদ্ধে সেরা ও রানার্স-আপ দল পেল দুই বড় রাজহাঁস

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
চৌবাড়িয়ার ক্রিকেট যুদ্ধে সেরা ও রানার্স-আপ দল পেল দুই বড় রাজহাঁস

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া ভাগ্নারকুড় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।

শুক্রবার (১২জুন) বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়া এ প্রতিযোগিতার ফাইনালে সাতক্ষীরা লিজেন্ড ক্রিকেট একাদশ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলটির অধিনায়ক ছিলেন ফিরোজ হোসেন। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দুটি রাজহাঁস প্রদান করা হয়। অন্যদিকে স্বাগতিক চৌবাড়িয়া লিজেন্ড ক্রিকেট একাদশ রানার্স-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। দলটির অধিনায়ক ছিলেন আবুল হাসান। রানার্স-আপ দলের জন্য পুরস্কার হিসেবে একটি রাজহাঁস প্রদান করা হয়।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে সহায়ক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাবলু, ভোমরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান, ভোমরা ইউনিয়ন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি শাহিনুর রহমান এবং মাগফুর রহমান।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন সিরাজুল ইসলাম। খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন আম্পায়ার আব্দুল্লাহ ও বকুল। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

স্থানীয় ক্রীড়ামোদীরা জানান, গ্রামীণ পর্যায়ে এমন ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Ads small one

সামনে তহবিল আরও কমতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
সামনে তহবিল আরও কমতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, চলমান জ্বালানি সংকটের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় উন্নয়ন কার্যক্রমে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আগামী দিনগুলোতে তহবিলের প্রাপ্যতা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (১৩ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, জ্বালানি সংকটের কারণে আমদানি ব্যয় বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে শিল্প উৎপাদন ও উন্নয়ন ব্যয়ে। বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তহবিল সংগ্রহ করতে হচ্ছে। এর ফলে উন্নয়ন কার্যক্রমে চাপ সৃষ্টি হচ্ছে এবং আগামী বছরগুলোতে তহবিল আরও কমে যাওয়ার দ্বিতীয় দফা প্রভাব দেখা দিতে পারে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক জ্বালানি সমিতির সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে, বর্তমান জ্বালানি সংকটের মাত্রা আগের তিনটি বড় তেল সংকটের চেয়েও বিস্তৃত হতে পারে। এমন বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার স্থিতিশীলতা, সংস্কার ও উন্নয়নকে কেন্দ্র করে নতুন সুযোগ তৈরির চেষ্টা করছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা জরুরি। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে বাংলাদেশকে স্থিতিশীল, পূর্বানুমানযোগ্য ও বিনিয়োগবান্ধব হিসেবে তুলে ধরতে হবে।

তিনি বলেন, একই ধরনের চ্যালেঞ্জ অনেক দেশই মোকাবিলা করছে। রফতানি সক্ষমতা ধরে রাখতে এবং তা সম্প্রসারণে আরও প্রতিযোগিতামূলক ও সতর্ক কৌশল গ্রহণ করতে হবে।

ড. খলিলুর রহমান আরও বলেন, বৈশ্বিক আর্থিক বাজারে সুদের হার বৃদ্ধি বিনিয়োগ পরিবেশকে প্রভাবিত করছে। উন্নত অর্থনীতির দেশগুলো তুলনামূলক কম সুদে ঋণ নিতে পারলেও উন্নয়নশীল দেশগুলোকে অনেক বেশি হারে ঋণ নিতে হচ্ছে, যা অর্থায়নকে সীমিত করছে।

তিনি জলবায়ু ঝুঁকির কথাও তুলে ধরে বলেন, ঝুঁকিপূর্ণ দেশগুলো অতিরিক্ত সুদের বোঝায় পড়ছে, যা বৈদেশিক ঋণ ও অর্থনৈতিক চাপ আরও বাড়াচ্ছে।

বিরোধী দলের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
বিরোধী দলের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী

প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের পাশে দাঁড়ানো নয়, বরং মানুষকে বিভ্রান্ত করাই বিরোধীদের মূল উদ্দেশ্য। তারা দেশে অস্থিরতা ও অশান্তি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতিলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘বিরোধী দল বলছে, তারা এই বাজেট মানে না, এটিকে গণবিরোধী বাজেট বলছে। কিন্তু আমি দেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই—যে বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও তাদের পছন্দ নয়। যে বাজেটে মদের দাম বাড়ানো হয়, সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও তারা মানে না। তাহলে তাদের উদ্দেশ্য কী, সেটা নিশ্চয়ই দেশের মানুষ বুঝতে পারছেন।’

তিনি বলেন, ‘তাদের লক্ষ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই দেশের মধ্যে অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করা, মানুষকে বিভ্রান্ত করা।’

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ৬০টি পণ্যে কর কমিয়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে। ‘অথচ বিরোধী দল সেই বাজেটেরও বিরোধিতা করছে,’ যোগ করেন তিনি।

বিএনপির রাজনীতি মানুষের উন্নয়নের জন্য বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘সারা দেশের প্রতিটি উপজেলায় ১০ হাজার করে কৃষি কার্ড দেওয়া হবে। কারণ এই দেশের মানুষ স্বাবলম্বী না হলে দেশ কখনও সত্যিকারের উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে না। ইতোমধ্যে সরকার কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার এই দেশের মালিক নয়, এই দেশের মালিক জনগণ। তাই জনগণের ভাগ্য উন্নয়নের জন্যই সরকার কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে।’

এ সময় তিনি জনগণকে কোনও ষড়যন্ত্রে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ

গত মে মাসে দেশের বিভিন্ন স্থানে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং ১ হাজার ৬৫২ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ২৯ জন আহত হন।

এছাড়া নৌপথে ২১টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, ১৫ জন আহত এবং সাতজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবর বিশ্লেষণ করে সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেল প্রতিবেদনটি প্রস্তুত করেছে।

সংগঠনটির দাবি, সংবাদমাধ্যমে প্রকাশ না পাওয়া অনেক দুর্ঘটনার তথ্য এতে অন্তর্ভুক্ত হয়নি, ফলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, মে মাসে সড়ক, রেল ও নৌপথে মোট ৬৭৬টি দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং ১ হাজার ৬৯৬ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনার বড় একটি অংশ ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। মাসজুড়ে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত এবং ২১৯ জন আহত হন।

সংগঠনটির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৮০টি দুর্ঘটনায় ১৮৫ জন নিহত ও ৫৫৮ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ২৭টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৬৭ জন আহত হন।

সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ১৩৯ জন চালক, ১২১ জন পথচারী, ১১৩ জন পরিবহন শ্রমিক, ৯৬ জন শিক্ষার্থী, ৯৩ জন নারী এবং ৬৮ জন শিশুর পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ১৩৬ জন চালক, ১১০ জন পথচারী, ৭৩ জন শিক্ষার্থী, ৬৯ জন নারী, ৫৯ জন শিশু এবং ৪৯ জন পরিবহন শ্রমিক।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় জড়িত ৯৭৫টি যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেল। এছাড়া ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান, লরি, বাস, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক এবং সিএনজিচালিত অটোরিকশাও উল্লেখযোগ্য সংখ্যায় দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে বলা হয়েছে, জাতীয় মহাসড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত যানবাহনের অবাধ চলাচল, সড়কে পর্যাপ্ত রোড সাইন ও আলোর অভাব, নির্মাণ ত্রুটি, যান্ত্রিক ত্রুটি, ট্রাফিক আইন অমান্য, উল্টোপথে চলাচল, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর মতো কারণগুলো দুর্ঘটনা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

এছাড়া বৃষ্টির কারণে সড়কে গর্ত সৃষ্টি, ভাঙাচোরা সড়ক, অতিরিক্ত যাত্রী বহন এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহনও দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির সুপারিশের মধ্যে রয়েছে আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, প্রযুক্তিনির্ভর সড়ক ব্যবস্থাপনা চালু, চালকদের দক্ষতা উন্নয়ন, মহাসড়কে নিরাপদ পথচারী পারাপার নিশ্চিত করা, সড়কে চাঁদাবাজি বন্ধ করা এবং পরিবহন খাতে জবাবদিহিমূলক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা।