টাইব্রেকারে খড়েরডাঙ্গাকে হারিয়ে চ্যাম্পিয়ন তেঁতুলিয়া
নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার শিবপুরে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। হাজারো দর্শকের উপস্থিতিতে রোমাঞ্চকর এই ফাইনালে খড়েরডাঙ্গা ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তেঁতুলিয়া ইয়ং স্পোর্টিং ক্লাব।
রবিবার (২১ জুন) বিকেলে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সামনের বালুর মাঠে শিবপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় শেষ হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। এর আগে খেলার প্রথমার্ধে খড়েরডাঙ্গার পক্ষে মিলন ও পার্থ গোল করে দলকে এগিয়ে নেন। পরে তেঁতুলিয়া ইয়ং স্পোর্টিং ক্লাবের সাব্বির ও ফেরদাউস একটি করে গোল করে খেলায় সমতা ফেরান। টাইব্রেকারে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দলের জয় নিশ্চিত করায় তেঁতুলিয়ার গোলরক্ষক বিপ্লব ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। ম্যাচটি পরিচালনা করেন রেফারি রেজাউল ইসলাম সানা।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুকুল সরদারের সভাপতিত্বে এবং ফারুক খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকা- থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়নের গ্রাম্য ডাক্তার শহিদুল ইসলাম, তালা প্রেসক্লাবের সদস্য এসএম হাসান আলী বাচ্চু, জহর হাসান সাগর, ফয়সাল হোসেন, রনি গাজী, শেখ জামাল, আজিজুল ইসলাম, মমিন বিশ্বাস, আব্দুল লতিফ ও আব্দুল আলীম। আলোচনা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।









