তালায় যুবলীগ নেতা মিন্টু গ্রেপ্তার
খলিষখালি (পাটকেলঘাটা) প্রতিনিধি: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে তালা উপজেলা যুবলীগের সহসভাপতি ও সাবেক ছাত্রলীগ সভাপতি মো. মাহাবুব হোসেন মিন্টুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) বিকেলে পাটকেলঘাটা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মাহাবুব হোসেন মিন্টু পাটকেলঘাটা গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। তিনি তালা উপজেলা যুবলীগের সহসভাপতি এবং আগামী কমিটির সভাপতি পদপ্রার্থী ছিলেন। এর আগে তিনি তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।









