খলিশখালীতে খালকে জমি দেখিয়ে ইজারা বাতিলের দাবি
পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার খলিশখালী ইউনিয়নে সরকারি খাস খালকে ‘জমি’ দেখিয়ে ইজারা নেওয়ার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এলাকার সাধারণ মানুষের পক্ষে গত ১৯ জুন বাগমারা গ্রামের সুজায়েত সানা এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহল সরকারের চোখ ফাঁকি দিয়ে নামমাত্র মূল্যে সরকারি খাল ইজারা নিয়ে মাছ চাষ করছে, যা সরকারের লাখ লাখ টাকার রাজস্ব ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, এই জবরদখলের কারণে বর্ষা মৌসুমে এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসন এবং সরকারি রাজস্ব রক্ষায় খালগুলো পুনর্খনন ও দখলমুক্ত করা জরুরি। খলিশখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেনও জলাবদ্ধতার ভোগান্তির সত্যতা স্বীকার করে খালগুলো মুক্ত করার দাবি জানিয়েছেন। এলাকাবাসী এ বিষয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।








