পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি নির্বাচিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ভোটগ্রহণের মধ্য দিয়ে খুলনার পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ১২ জন ভোটারের মধ্যে ১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ফুটবল প্রতীকে ৯ ভোট পেয়ে মুহাম্মদ শফিয়ার রহমান সহসভাপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোছাঃ হাফিজা খাতুন ছাতা প্রতীকে পেয়েছেন ২ ভোট। এর আগে সভাপতি পদে প্রভাষক জাহাঙ্গীর আলমসহ অন্য সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা শচীন্দ্র নাথ বিশ্বাস।









