পাইকগাছায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ৩ জনকে ছুরিকাঘাত ও মারধর
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে তিন ব্যক্তিকে ছুরিকাঘাত ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের আল-আমীন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যক্তির ভাই বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার ফরিদাবাদ গ্রামের হাফিজুর গাজী (৪৫), শান্তা গ্রামের হান্নান গাজী (৫০) ও অলিলউল্লাহ গাজী (২১)।
আহত হাফিজুর গাজী অভিযোগ করেন, তানবির মোড়ল (২২), বিপ্লব গাইন (২৮), হৃদয় গাইন (২৮) ও সিরাজুল গাজীসহ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছিল। শুক্রবার রাতে সেখানে মাদক বিক্রিতে বাধা দিলে অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করার পাশাপাশি লাঠিসোটা দিয়ে মারধর করলে তাঁরা তিনজন গুরুতর আহত হন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনার একটি এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











