রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

পাইকগাছার-খুলনা প্রধান সড়কে মরণফাঁদ, ঝুঁকির মধ্যে দূরপাল্লার যানবাহন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
পাইকগাছার-খুলনা প্রধান সড়কে মরণফাঁদ, ঝুঁকির মধ্যে দূরপাল্লার যানবাহন

ফাইল ছবি

পলাশ কর্মকার, কপিলুমনি (খুলনা): পাইকগাছা উপজেলার গদাইপুর বাজার মোড় ও কপিলমুনির গোলাবাড়ী মোড়, মুচিরপুকুর মোড়সহ সড়কের কয়েকটি স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত এখন স্থানীয় যাত্রী ও যানবাহন চালকদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।

আঠারো মাইল-পাইকগাছা সড়কের এই কয়েকটি জায়গায় গর্তের সৃষ্টি হওয়ার কারণে ঢাকা- চট্টগ্রামগামী দূরপাল্লার বাস ও পণ্যবাহী ভারী ট্রাকসহ সব ধরনের যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। বর্ষার পানি জমে গর্তগুলো দ্রুত বড় হয়ে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

 

রবিবার সকালে সরেজমিনে দেখা যায়, গদাইপুর বাজারে বাঁক সরলীকরণ করা রাস্তার মুখেই এই বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। সড়কটি সোজা করা হলেও দক্ষিণ পাশের রাস্তায় একটি নতুন বাঁকের সৃষ্টি হয়েছে, আর ঠিক সেই বাঁকের মুখেই বড় আকারের গর্তের সৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বাসিন্দারা গর্তে ইট ফেলে এবং একটি বাঁশের মাথায় লাল কাপড় বেঁধে সতর্কতার চিহ্ন দিয়েছেন। কপিলমুনির গোলাবাড়ী মোড়, মুচিরপুকুর মোড়সহ প্রধান ও জনগুরুত্বপূর্ন এই সড়কের বেশ কয়েকটি জায়গায় সৃষ্টি হওয়া বিশাল গর্ত এখন স্থানীয় যাত্রী ও চালকদের জন্য যেন মরণের ফাঁদ।

 

ভুক্তভোগীরা জানান, দিনের বেলা চালকেরা কোনোমতে চোখ-কান খোলা রেখে গাড়ি পার করলেও রাতের আঁধারে ঘটে চরম বিপত্তি। অন্ধকারের মধ্যে গর্ত দেখতে না পেয়ে প্রায়ই মোটরসাইকেল ও ইজিবাইক উল্টে যাচ্ছে। এতে প্রতিনিয়ত আহত হচ্ছেন চালক ও সাধারণ পথচারীরা। স্থানীয়রা জানান, উপকূলীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা পাইকগাছা। প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুল পরিমাণ মাছ, সাদা সোনাখ্যাত বাগদা চিংড়ি, কৃষিপণ্য ও বাণিজ্যিক মালামাল ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়।

 

এছাড়া মাইক্রোবাস, ইজিবাইক, ভ্যান, পথচারী, মোটরসাইকেল, বাইসাইকেলসহ হাজার হাজার যানবাহন দিনরাত এই সড়কে যাতায়াত করে থাকে। জরুরী ভিত্তিতে এটি সংস্কার করা না হলে সড়কটি পুরোপুরি ধ্বসে গিয়ে যেকোনো সময় ঢাকা-খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বড় ধরনের প্রাণহানীর আশঙ্কা দেখা দিয়েছে।

বাস চালক মোঃ আমীর হোসেন বলেন, “প্রতি দিন এই সড়ক দিয়ে প্রায় ৮০ জন যাত্রী ও মালামাল নিয়ে পাইকগাছা থেকে খুলনায় যাই, আবার ফিরি, এসময় খুব ঝুঁকি নিতে হয়, মাঝে মধ্যে ভাবি কখন যে বাস পাল্টি খায়?”
এ বিষয়ে খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল ইসলাম জানান, “সড়কের এই ক্ষতিগ্রস্ত অংশটি সম্পর্কে আমরা অবগত আছি। খুব দ্রুতই মেরামত করে যানচলাচল সম্পূর্ণ নিরাপদ করবো।”

 

Ads small one

শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য শিল্প এক্টিভিজম বিষয়ক প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য শিল্প এক্টিভিজম বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব-নেতৃত্বাধীন শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য শিল্প এক্টিভিজম বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ৯ টায় সিডো সংস্থার বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ প্রশিক্ষণ উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস।

 

প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন তরূণ-তরূণী অংশগ্রহণ করেন।

৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন এক্টিভিস্টা সদস্য ইমতি জামিল ও জ্যোতি সরকার। প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহায়ক প্রশিক্ষক সাকিব হোসেন। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইনান্স অফিসার, আব্দুস সাত্তার, ইয়ূথ ফেলো স্বপ্না পারভীন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

 

 

কেশবপুরে ৯ম শ্রেণীর ছাত্রকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে ৯ম শ্রেণীর ছাত্রকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে সিয়াম আহসান (১৫) নামে এক স্কুল ছাত্রকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করেছে। আহত সিয়াম মঙ্গলকোট গ্রামের আব্দুস সবুর এর ছেলে।

হাসপাতালে ভর্তি ওই ছাত্র জানায়, সে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় রবিবার (১২-০৭-২৬) সকালে সে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে পায়ে হেটে রওনা হয়। পথিমধ্যে মঙ্গলকোট-গোলাঘাটা সড়কের চৌধুরী বাড়ির বাগানের সামনে পৌঁছানো মাত্র মোটরসাইকেলযোগে আসা মুখোশধারী সন্ত্রাসীরা তার পথ গতিরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

পরবর্তীতে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমান সে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, বিষয়টা আমি শুনেছি অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। জানা যায়, পুরাতন থানা ভবন ভাঙার কাজের সময় শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় শ্রমিক উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২)কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে পূর্ব থেকে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা অপর শ্রমিক বাবারগ্রাম এলাকার কামরুল হাসান (৩০) তার ডান পায়ে আঘাত পান।

স্থানীয়দের সহায়তায় আহত দুই শ্রমিককে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।