পাটকেলঘাটায় মাদকসহ ৮ মামলার আসামি গ্রেপ্তার
খলিষখালি (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটায় ১৫ পিস ইয়াবাসহ মো. মনোয়ার হোসেন লালটু (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত লালটু সারুলিয়া এলাকার মৃত সিদ্দিক মোড়লের ছেলে এবং তাঁর বিরুদ্ধে আগের আটটি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল সারুলিয়া (মধ্যপাড়া) এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির সামনে থেকে লালটুকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকার মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান জোরদার থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।









