মনিরামপুরে কালবৈশাখীর তান্ডব: ব্যাপক ক্ষয়ক্ষতি, ব’জ্রপাতে কৃষক নিহত
মনিরামপুর (যশোর) সংবাদদাতা: যশোরের মনিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামে হানা দিয়েছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়। ঝড়ের তীব্রতায় গ্রামের পল্লী বিদ্যুতের লাইনের একটি খুঁটি ভেঙে রেন্ট্রি গাছের উপর পড়ায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্নসহ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ শুরু হওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে পারখাজুরা গ্রামের রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমার রেন্ট্রি গাছের ওপর আছড়ে পড়ে। এতে বিদ্যুতের খুঁটিটি ভেঙে যায় এবং তার ছিঁড়ে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ঝড়ের সময় গাছের ডালপালা বসতবাড়ির ওপর পড়ায় বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ও টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের সময় বিকট শব্দে বিদ্যুতের খুটি ভেঙে গাছের ওপর পড়ে। সৌভাগ্যবশত সে সময় রাস্তায় কোনো পথচারী না থাকায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। তবে বিদ্যুতের ট্রান্সফরমার ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো গ্রাম বিদ্যুৎহীন রয়েছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
ক্ষতিগ্রস্ত গ্রামবাসী দ্রুত গাছটি অপসারণ এবং বিদ্যুৎ সংযোগ সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গাছ অপসারণ করে লাইন মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে।
কালবৈশাখীর এই তান্ডবে এলাকায় গাছপালা ও ফসলেরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের মো. লুৎফর সরদার (৭২) নামে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুরের কালবৈশাখী ঝড়ে ব’জ্রপাতে এই ঘটনা ঘটে।
নিহত লুৎফর সরদার শাহাপুর গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ২টার দিকে লুৎফর সরদার ও তার স্ত্রী দুজনে মিলে বাড়ির পাশের মাঠ থেকে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে মাথায় করে ঘাসের বোঝা নিয়ে তারা দুজনে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ কালবৈশাখি ঝড় এবং ব’জ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় আকস্মিক বজ্রপাতে লুৎফর সরদার ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তার স্ত্রী দ্রুত পাশের একটি বাড়িতে দ্রুত আশ্রয় নিলেও পেছনে থেকে যায় স্বামী। অল্পের জন্য স্ত্রী রক্ষা পেলেও চোখের সামনে স্বামীর এই করুণ মৃত্যুতে তিনি দিশেহারা হয়ে পড়েন।
মশ্বিমনগর ইউনিয়নের শাহাপুর ওয়ার্ডের ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লুৎফর সরদার একজন পরিশ্রমী কৃষক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






