শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

কেশবপুরে ধানে ‘লক্ষ্মী ভোল’ রোগের প্রাদুর্ভাব, দুশ্চিন্তায় কৃষক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
কেশবপুরে ধানে ‘লক্ষ্মী ভোল’ রোগের প্রাদুর্ভাব, দুশ্চিন্তায় কৃষক

এম এ রহমান, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে ধানের ক্ষেতে ‘ফলস স্মার্ট’ বা ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্থানীয়ভাবে ‘লক্ষ্মী ভোল’ বা ‘কুড়ি রোগ’ নামে পরিচিত এই রোগের আক্রমণে ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কায় কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, ধানের শীষে স্বাভাবিক দানার পরিবর্তে কমলা বা হলুদ রঙের গুটির মতো ছত্রাক জন্মেছে। এই ছত্রাকের কারণে ধান নষ্ট হয়ে যাচ্ছে এবং চালের গুণগত মান ও উৎপাদন ব্যাহত হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর কেশবপুরে ১৩ হাজার ৫৯৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ১২ হাজার ৯৯০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেশি হওয়ায় বাম্পার ফলনের আশা ছিল কৃষকদের।
আলতাপোল গ্রামের কৃষক জি এম মনিরুজ্জামান বলেন, “ধানের শীষ বের হওয়ার পর থেকেই এই রোগ দেখা যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম পোকা লেগেছে, পরে দেখি দানার জায়গায় হলুদ-কমলা গুটি। এতে অনেক ধান নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ক্ষতির মুখে পড়ব।”
কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিরিক্ত ইউরিয়া বা নাইট্রোজেন সার ব্যবহার। জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকা। ঘন করে চারা রোপণ এবং বাতাসে অতিরিক্ত আর্দ্রতা। টানা বৃষ্টি বা মেঘলা আবহাওয়ার কারণেও এই ছত্রাক দ্রুত বিস্তার লাভ করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “ধানের ফলস স্মার্ট একটি ছত্রাকজনিত রোগ। এটি সাধারণত শীষ বের হওয়ার সময় আক্রমণ করে। আতঙ্কিত হওয়ার কিছু নেই; সঠিক সময়ে সুষম সার প্রয়োগ, জমির পানি নিষ্কাশন এবং আক্রান্ত শীষ দ্রুত অপসারণ করলে এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব।”
তিনি আরও জানান, আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হওয়ায় ফলনের সম্ভাবনা এখনো ভালো। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সচেতন করতে নিরলস কাজ করে যাচ্ছেন। যথাযথ পরিচর্যা করলে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির আভাস

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
ঢাকাসহ দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক: ঢাকাসহ দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টি হতে পারে আজ শুক্রবার (১৭ এপ্রিল)। কিছু কিছু জায়গায় তীব্র বজ্রপাত হতে পারে বলেও আশঙ্কা করা যাচ্ছে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে, এর মধ্যেও সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে জানা গেছে এসব তথ্য।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপের বাড়তি অংশ অবস্থান করছে ভারতের পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায়।

এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার মধ্যে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

 

আর তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপর আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক: তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে চেন্নাইয়ে নতুন বিতর্কে জড়ালেন থালাপতি বিজয়। তামিল সিনেমার জনপ্রিয় এ অভিনেতার বিরুদ্ধে এবার মামলা করেছে পুলিশ।

 

নিজের রাজনীতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর এর নির্বাচনি প্রচারণা ঘিরে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

 

চেন্নাই পুলিশের দাবি, বিজয়কে নির্দিষ্ট একটি স্থানে কর্মসূচি করার অনুমতি দেওয়া হলে টি নগর, থাউজ্যান্ড লাইটস এবং এগমোর এলাকাজুড়ে বিশাল শোভাযাত্রা বের করেন তিনি। সেসময় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। এর ফলে, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়।

নির্বাচন কমিশনের একটি ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় এ মামলা হয়েছে, যেখানে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে।

এ মামলায় বিজয় ছাড়াও টিভিকে’র একাধিক নেতার নাম রয়েছে। তবে, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো অফিশিয়াল প্রতিক্রিয়া জানাননি বিজয় বা তার দল।

 

এদিকে নির্বাচনের ঠিক আগে এ ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়া তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এ বিতর্ক ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, তাই এখন দেখার অপেক্ষা থালাপতি ভক্তদের।

 

পাকিস্তান সফরের ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
পাকিস্তান সফরের ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি বাস্তবায়িত হলে সেটি স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তান সফরে যেতে পারেন।

 

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। লাস ভেগাসে রওনা হওয়ার আগে হেলিকপ্টারে ওঠার মুহূর্তে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা এখন বেশ জোরালো।

 

ট্রাম্প বললেন ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবেট্রাম্প বললেন ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে
ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রয়োজনে তিনি সেখানে যেতে প্রস্তুত।

চুক্তি নিয়ে অগ্রগতি ত্বরান্বিত করতে গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। তবে ওই বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় দফা আয়োজন নিয়ে আলোচনা চলছে, যা আবারও পাকিস্তানেই অনুষ্ঠিত হতে পারে।