সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে যশোরের মনিরামপুরে বাংলা নববর্ষ উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে যশোরের মনিরামপুরে বাংলা নববর্ষ উদযাপন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে যশোরের মনিরামপুরে বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে। দিনটির তাৎপর্য তুলে ধরতে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার সকালে জাতীয় সংগীত ও বর্ষবরণের গান পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলার ঐতিহ্য ও বৈচিত্র্য তুলে ধরে মনিরামপুর পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে বটতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্্রাট হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দেওয়ান আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য এড. গাজী এনামুল হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন থানার ওসি রজিউল্লাহ খান, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক ফজলুল হক, সহ:সেক্রেটারি আহসান হাবীব লিটন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বিএনপি নেতা এড. মকবুল ইসলাম, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় মনিরামপুরবাসী।

Ads small one

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আমান উল্লাহ বিশ্বাস ওরফে সেফ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাতে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আমান উল্লাহ উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মাছুম বিশ্বাসের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাত ৯টার দিকে ফকরাবাদে ভুক্তভোগী মাছুমা খাতুনের (৩৩) বসতঘরে প্রবেশ করে বাতি নিভিয়ে দেন অভিযুক্ত ব্যক্তি। এ সময় ওই নারী শয়নকক্ষে ছিলেন। অভিযোগ অনুযায়ী, এ সুযোগে তাঁকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

এ ঘটনায় সোমবার মাছুমা খাতুন থানায় লিখিত অভিযোগ দেন। পরে আশাশুনি থানায় মামলা নম্বর ২১, তারিখ ২৬ অক্টোবর ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

বিশ্ব অডিওভিজ্যুয়াল ঐতিহ্য দিবস: অতীত সংরক্ষণ, দৃশ্য-শ্রব্য দলিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
বিশ্ব অডিওভিজ্যুয়াল ঐতিহ্য দিবস: অতীত সংরক্ষণ, দৃশ্য-শ্রব্য দলিল

সাকিবুর রহমান বাবলা

২৭ অক্টোবর বিশ্ব অডিওভিজ্যুয়াল ঐতিহ্য দিবস। ইউনেসকোর উদ্যোগে পালিত এ দিবসের মূল লক্ষ্য চলচ্চিত্র, বেতার, টেলিভিশন, অডিও ও ভিডিও রেকর্ডিংয়ের মতো দৃশ্য-শ্রব্য ঐতিহ্য সংরক্ষণ এবং এগুলোর গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। ২০২৬ সালের প্রতিপাদ্য ‘আপনার বিশ্বকে দেখার জানালা’। এ প্রতিপাদ্য বিশ্বজুড়ে মানুষের জীবন, ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানার পাশাপাশি বিভিন্ন সমাজের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সংযোগ তৈরিতে দৃশ্য-শ্রব্য ঐতিহ্যের অপরিহার্য ভূমিকা তুলে ধরে।

১৯৮০ সালের ২৭ অক্টোবর ইউনেসকোর ২১তম সাধারণ সম্মেলনে ‘চলমান চিত্রের সুরক্ষা ও সংরক্ষণবিষয়ক সুপারিশমালা’ গৃহীত হয়। ঐতিহাসিক এ ঘটনাকে স্মরণ করে ২০০৫ সালে ইউনেসকোর ৩৩তম সাধারণ সম্মেলনে ২৭ অক্টোবরকে বিশ্ব অডিওভিজ্যুয়াল ঐতিহ্য দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি দৃশ্য-শ্রব্য দলিলের গুরুত্ব তুলে ধরা, এগুলো সংরক্ষণে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং এ কাজে নিয়োজিত পেশাজীবীদের অবদানের স্বীকৃতি দেওয়ার গুরুত্বপূর্ণ উপলক্ষে পরিণত হয়েছে।

অডিওভিজ্যুয়াল আর্কাইভ মানবজাতির সম্মিলিত স্মৃতির এক অমূল্য ভান্ডার। চলচ্চিত্র, ঐতিহাসিক ভাষণ, বেতার অনুষ্ঠান, টেলিভিশনের সংবাদ, লোকসংগীত ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে অতীতের ঘটনা এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পাওয়া যায়। লিখিত দলিলের পাশাপাশি এসব রেকর্ড ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের দৃশ্য, ঐতিহাসিক ভাষণ এবং বিভিন্ন সময়ের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের রেকর্ড নতুন প্রজন্মকে দেশের ইতিহাস জানতে সহায়তা করে। একইভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের যুদ্ধ, রাজনৈতিক পরিবর্তন, বৈজ্ঞানিক আবিষ্কার ও সামাজিক আন্দোলনের দৃশ্য-শ্রব্য দলিল ইতিহাসের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংস্কৃতি ও ভাষার বৈচিত্র্য সংরক্ষণেও এসব আর্কাইভের গুরুত্ব অপরিসীম। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ইতিহাস, লোককথা, গান, নৃত্য এবং ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে প্রচলিত হয়ে আসছে। অডিও ও ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে এসব ঐতিহ্য সংরক্ষণ করা সম্ভব। বিলুপ্তির ঝুঁকিতে থাকা আঞ্চলিক ভাষা, উচ্চারণ ও লোকসংগীতের রেকর্ড ভবিষ্যৎ প্রজন্মের গবেষণার উপাদান হিসেবেও কাজ করে। পাশাপাশি বিভিন্ন দেশের চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষকে অন্য সমাজের জীবনধারা সম্পর্কে জানতে এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হতে সাহায্য করে। শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায়ও এসব উপাদান গুরুত্বপূর্ণ প্রাথমিক উৎস।

তবে দৃশ্য-শ্রব্য ঐতিহ্য সংরক্ষণ বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে। পুরোনো ফিল্ম রিল, চৌম্বকীয় অডিও টেপ, গ্রামোফোন রেকর্ড ও ভিডিও ক্যাসেট সময়ের সঙ্গে তাপ, আর্দ্রতা, ছত্রাক এবং রাসায়নিক অবক্ষয়ের কারণে নষ্ট হতে পারে। অনেক ক্ষেত্রে এসব রেকর্ড চালানোর যন্ত্রও আর সহজলভ্য নয়। ফলে মূল উপাদান অক্ষত থাকলেও সেখান থেকে তথ্য উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। পুরোনো রেকর্ডের বারবার অনুলিপি তৈরির ফলে শব্দ ও ছবির মান কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে। তাই উপযুক্ত সংরক্ষণাগার, দক্ষ জনবল, পর্যাপ্ত অর্থায়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি।

এ ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উন্নত প্রযুক্তির সাহায্যে পুরোনো শব্দ রেকর্ড ও চলচ্চিত্র ডিজিটাল মাধ্যমে রূপান্তর করা যায়। ক্ষতিগ্রস্ত রেকর্ডের শব্দ ও ছবির মান উন্নত করেও অনেক ক্ষেত্রে সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব। ডিজিটাল ফাইলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষিত সার্ভার, তথ্য সংরক্ষণের উপযুক্ত মাধ্যম এবং একাধিক অনুলিপি রাখার ব্যবস্থা কার্যকর। তবে ডিজিটাল রূপান্তরের পাশাপাশি মূল উপাদানগুলো উপযুক্ত পরিবেশে সংরক্ষণ এবং ডিজিটাল ফাইলের নিয়মিত রক্ষণাবেক্ষণও প্রয়োজন। একই সঙ্গে তথ্য চুরি, অননুমোদিত প্রবেশ ও প্রযুক্তিগত ত্রুটি থেকে সুরক্ষার ব্যবস্থা রাখতে হবে।

বাংলাদেশে দৃশ্য-শ্রব্য ঐতিহ্য সংরক্ষণের অন্যতম প্রধান প্রতিষ্ঠান বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১৯৭৮ সালের ১৭ মে তৎকালীন তথ্য মন্ত্রণালয়ের অধীনে ‘ফিল্ম ইনস্টিটিউট ও আর্কাইভ’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ১৯৮৪ সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ রাখা হয়। প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি চলচ্চিত্র ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট উপাদান সংগ্রহ, সংরক্ষণ এবং এ বিষয়ে গবেষণা পরিচালনা করে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির সংরক্ষণাগারে চলচ্চিত্র ও ঐতিহাসিক দৃশ্যচিত্র সংরক্ষিত রয়েছে। অন্যদিকে, মুক্তিযুদ্ধ জাদুঘরও মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিবিজড়িত বিভিন্ন উপাদান সংরক্ষণ এবং জনসাধারণের সামনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব সংগ্রহের যথাযথ সংরক্ষণ, ডিজিটাল রূপান্তর, গবেষণার সুযোগ বৃদ্ধি এবং জনসাধারণের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা সময়ের দাবি।

আন্তর্জাতিক পর্যায়েও দৃশ্য-শ্রব্য ঐতিহ্য সংরক্ষণে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ইউনেসকোর ‘আমাদের সম্মিলিত ইউনেসকো ইতিহাসের ডিজিটাল সংরক্ষণ’ প্রকল্পের মাধ্যমে সংস্থাটির ঐতিহাসিক নথি ও দৃশ্য-শ্রব্য সংগ্রহের একটি অংশ ডিজিটাল করা হয়েছে। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত পরিচালিত এ প্রকল্পে জাপান সরকারের সহায়তায় বিপুলসংখ্যক ঐতিহাসিক নথি, চলচ্চিত্র, ভিডিও, আলোকচিত্র ও শব্দ রেকর্ডিং ডিজিটাল মাধ্যমে রূপান্তর করা হয়। এর ফলে এসব উপাদান সংরক্ষণের পাশাপাশি গবেষণা, শিক্ষা ও জনসাধারণের ব্যবহারের সুযোগও সম্প্রসারিত হয়েছে। এ উদ্যোগ প্রমাণ করে, ঐতিহাসিক দলিল সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা ও প্রযুক্তির ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ।

বিশ্ব অডিওভিজ্যুয়াল ঐতিহ্য দিবস কেবল অতীতের দৃশ্য ও শব্দ স্মরণ করার উপলক্ষ নয়; এসব উপাদান ইতিহাস, সংস্কৃতি ও মানুষের পরিচয়ের মূল্যবান দলিল। তাই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আর্কাইভ পেশাজীবী, গবেষক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এসব সম্পদ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। পুরোনো রেকর্ড দ্রুত ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, দক্ষ সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো সহজলভ্য করাই হোক দিবসটির অঙ্গীকার। কারণ, দৃশ্য-শ্রব্য ঐতিহ্য রক্ষা মানে শুধু অতীতকে বাঁচিয়ে রাখা নয়, বরং আগামী প্রজন্মের জন্য জ্ঞান, ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জানালা খোলা রাখা।

সাতক্ষীরায় হ্যাচারির রং ব্যবহারে কার্যকারিতা নিয়ে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় হ্যাচারির রং ব্যবহারে কার্যকারিতা নিয়ে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় হ্যাচারিতে ব্যবহৃত কার্যকরী রং ও এর সঠিক ব্যবহার নিয়ে হ্যাচারিমালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জতুন বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে লেক ভিউয়ের যমুনা হলে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সেব) খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সভাপতি ও সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে সভায় হ্যাচারিকে ব্যাকটেরিয়া ও মরিচা থেকে সুরক্ষা এবং অল্প রং ব্যবহার করে বেশি জায়গা রং করার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করেন জতুন বাংলাদেশ লিমিটেডের টেকনিক্যাল সার্ভিস বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল হোসেন।

সভায় বক্তব্য দেন জতুন বাংলাদেশ লিমিটেডের সেলস ম্যানেজার চয়ন মুখার্জি, খুলনা হ্যাচারির শেখ তানজিম কালাম তমাল, জে স্টার হ্যাচারির শেখ জাহাঙ্গীর হোসেন, আল আকসা হ্যাচারির মনিরুল ইসলাম, খাজা হ্যাচারির জাকির হোসেন, পদ্মা হ্যাচারির বকুল, সাইফুল ইসলাম, কক্সবাজার হ্যাচারির শিবপদ, সোনারগাঁ হ্যাচারির বাবুল মোল্লা এবং চিংড়ি বাংলা হ্যাচারির তোতা প্রমুখ।

সভায় বিভিন্ন হ্যাচারির মালিক ও জতুন বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।