সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে নগরবাসী আতঙ্কিত: কেসিসির প্রশাসক মঞ্জু
পত্রদূত ডেস্ক: খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, এ ধরনের কাপুরুষোচিত ঘটনায় নগরবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসীরা মূলত এই বার্তা দিতে চায় যে তাদের বিরুদ্ধে কলম ধরা যাবে না। কিন্তু খুলনার সাহসী সাংবাদিকেরা দমে যাননি, তাঁরা রাজপথে নেমেছেন।
বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাব আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঘোষিত কর্মসূচির প্রতি তিনি পূর্ণ একাত্মতা প্রকাশ করেন।
প্রতিবাদ সভায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, “খুলনা সিটি কর্পোরেশন ও বিএনপি সব সময় সাংবাদিকদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলেছি, দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। গত দুই বছরে যত অপরাধমূলক ঘটনা ঘটেছে, সেগুলোর প্রতিটির সুষ্ঠু বিচার করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস বা ছাড় দেওয়া হবে না। আমাদের রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কোনো সন্ত্রাসী ঠাঁই পাবে না।”
তিনি খুলনার ১০ লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকের বিস্তার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। খুলনাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ বিমল সাহা, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকালে খুলনা প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও নাগরিক ফোরামসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন অংশ নেয়।
উল্লেখ্য, গত ১৪ জুলাই মঙ্গলবার রাতে নগরীর শান্তিধাম জাতিসংঘ পার্কের পশ্চিম পাশে বসে থাকা অবস্থায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য রক্ষা পান খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্যসচিব রাফিউল ইসলাম টুটুল, এস এ টিভির প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান আওয়াল শেখ এবং দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির রানাসহ কয়েকজন গণমাধ্যমকর্মী।









