দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উদযাপনের প্রস্তুতি
দেবহাটা প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চবিদ্যালয় মিলনায়তনে ক্যাপ্টেন শাহজাহান মাস্টার সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সংস্থাসূত্রে জানা গেছে, সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৮ আগস্ট সকাল থেকে কোরআন খতম, মাজার জিয়ারত, আলোচনা সভা ও তাবারক বিতরণের মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মিণী রাবেয়া শাহজাহানের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল ফজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন, সাবেক শিক্ষক আফছার আলী ও কলারোয়ার কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী।
অন্যান্যদের মধ্যে ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের বড় ছেলে সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, ছোট ছেলে ব্যাংকার শাহিন মোকলেছুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য রশিদুল আলম, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর কবির পল্টু, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আলী রেজা, সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম ও বিএনপি নেতা আবুল খায়ের বুলুসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।









