মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

দেবহাটা থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
দেবহাটা থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের সঙ্গে মতবিনিময় করেছেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের প্রতিনিধিরা। মঙ্গলবার সকাল ১১টায় থানার ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে নবাগত ওসি দেবহাটা উপজেলাকে মাদকমুক্ত করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটে-বাজারে সরাসরি গণসংযোগ চালানো হবে। মাদকসংক্রান্ত অপরাধে কোনো প্রভাবশালীকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবীর হোসেন লিয়ন, দপ্তর সম্পাদক হিরণ কুমার ম-ল, উপদেষ্টা জি এম আব্বাসউদ্দীন এবং থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল ইসলাম।

Ads small one

সম্পাদকীয়/ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.): বিশ্ব মানবতার মুক্তি ও সম্প্রীতির বার্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.): বিশ্ব মানবতার মুক্তি ও সম্প্রীতির বার্তা

বিশ্বমানবতার পরম বন্ধু, শান্তি, সাম্য ও ইনসাফের প্রতীক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত মাহান্বিত দিনÑপবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। ১২ই রবিউল আউয়াল শুধু মুসলিম জাহানের জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের ইতিহাসেই এক অনন্য ও বৈপ্লবিক মাইলফলক। যে সময়ে আরব সমাজ চরম অজ্ঞতা, অরাজকতা, সহিংসতা ও অমানবিকতার অন্ধকারে নিমজ্জিত ছিলÑইতিহাসে যা ‘আইয়ামে জাহিলিয়াত’ বা অন্ধকার যুগ হিসেবে পরিচিতÑঠিক সেই প্রাক্কালে আল-আমিন বা পরম বিশ্বাসী হিসেবে আবির্ভূত হয়ে মহানবী (সা.) বিশ্ববাসীকে মুক্তির আলো দেখিয়েছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন, “আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি।” রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ কেবল একটি নির্দিষ্ট ধর্ম বা গোত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজগতের সব জাতি ও মানুষের জন্য সার্বজনীন হেদায়েতের মশাল। তিনি তাঁর আদর্শ ও চরিত্র দিয়ে হিংসা-বিদ্বেষে জর্জরিত সমাজকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী ও শ্রমিকের ন্যায্য অধিকার। ‘মদিনা সনদ’-এর মাধ্যমে তিনি বিশ্বকে উপহার দিয়েছিলেন ধর্মীয় সহাবস্থান ও অসাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামোর কালজয়ী দলিল।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে, যখন সারা বিশ্বে হিংসা, পরশ্রীকাতরতা, যুদ্ধ, অন্যায় এবং সামাজিক অস্থিতিশীলতা ছড়িয়ে পড়েছে, তখন মহানবী (সা.)-এর শিক্ষাকে নতুন করে লালন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। শুধু বাহ্যিক আনুষ্ঠানিকতা বা মিলাদ মাহফিলের মধ্যে ঈদ-ই-মিলাদুন্নবী-এর তাৎপর্যকে সীমাবদ্ধ রাখলে চলবে না। আসল উদ্যাপন লুকিয়ে আছে তাঁর রেখে যাওয়া সুন্নাহ ও নীতি-আদর্শকে দৈনন্দিন জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে।
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা: ব্যক্তি ও জাতীয় জীবনে সৎ, আমানতদার ও ইনসাফভিত্তিক আচরণের চর্চা করা।
সাম্প্রদায়িক সম্প্রীতি: অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরি করা।
মানবিক সেবা: সমাজে দুস্থ, এতিম, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা নিশ্চিত করা।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) আমাদের আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসার শিক্ষা দেয়। প্রিয় নবী (সা.)-এর মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবন থেকে সব ধরনের অন্যায়, বৈষম্য ও হিংসা দূর করাই হোক আজকের দিনের দৃঢ় অঙ্গীকার। মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী (সা.)-এর সুন্নাহ মেনে চলে দুনিয়া ও আখেরাতে শান্তিময় জীবন গড়ার তৌফিক দান করুন।

 

 

 

 

ফিংড়ী ইউনিয়নের সাবেক যুবদল সভাপতির বাবার ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
ফিংড়ী ইউনিয়নের সাবেক যুবদল সভাপতির বাবার ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মো. আবু সাঈদ মোল্লার বাবা শামছুর রহমান মোল্লা (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মঙ্গলবার বেলা ১টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার মাগরিবের নামাজ শেষে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ফিংড়ী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বিডিএফ প্রেসক্লাবের নেতারা।

মির্জা ফখরুল ও রিজভীকে নতুন দায়িত্ব দেওয়ায় সাতক্ষীরায় ছাত্রদলের আনন্দ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
মির্জা ফখরুল ও রিজভীকে নতুন দায়িত্ব দেওয়ায় সাতক্ষীরায় ছাত্রদলের আনন্দ মিছিল

 

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রতি শুভেচ্ছা জানান।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান, সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য), জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ রিপন ও শেখ ফারহান মাসুকসহ জেলা ছাত্রদলের অধীনস্থ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় জেলা ছাত্রদলের নেতারা জানান, বিএনপির নতুন নেতৃত্ব দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।