শ্মশানের জমি দখলের অভিযোগে দেবহাটা ও কুলিয়ায় বিক্ষোভ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ মহাশ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে সুবর্ণাবাদ এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তারা শ্মশানের জমি দখলমুক্ত করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, সুবর্ণাবাদ মহাশ্মশানের দাহ্য কাঠ রাখার স্থান এবং শিশুদের সমাধিস্থ করার জন্য ব্যবহৃত জমির একটি অংশ সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকার দখল করে নিয়েছেন। এতে শ্মশানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় অধিবাসীদের ভাষ্য, শত বছরের পুরোনো এই শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি কাঠ রাখার নির্দিষ্ট স্থান রয়েছে। এ ছাড়া নদীর চরসংলগ্ন অংশটি শিশুদের সমাধিস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
মানববন্ধনে বক্তব্য দেন দেবহাটা উপজেলা যুবদলের সদস্যসচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, স্থানীয় ইউপি সদস্য বিধান চন্দ্র, মহাশ্মশানের সহসভাপতি পরিতোষ গোলদার, কোষাধ্যক্ষ মৃণাল কান্তি হালদার, স্বপ্না মল্লিক ও রেনুকা হালদার।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।












