পাইকগাছায় মেয়েকে দেখে ফেরার পথে দুর্ঘটনায় বাবার মৃত্যু
পলাশ কর্মকার, কপিলমুনি (পাইকগাছা): হাসপাতালে চিকিৎসাধীন সদ্যজাত সন্তান ও অসুস্থ মেয়েকে দেখে মোটরসাইকেল ঠেলে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির অপর একটি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আইজুর রহমান জোয়াদ্দার (৫৬) নামে এক ব্যক্তি।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে পাইকগাছা উপজেলার আলমতলা-কয়রা সড়কের শিববাড়ী সেতুর অদূরে ফ্যান্টাসি গার্ডেন অ্যান্ড পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইজুর রহমান জোয়াদ্দার উপজেলার আলমতলা গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অস্ত্রোপচার হওয়া মেয়েকে দেখে সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন আইজুর রহমান। পথে মোটরসাইকেলের জ্বালানি শেষ হয়ে গেলে তিনি সেটি ঠেলে হেঁটে যাচ্ছিলেন। ফ্যান্টাসি গার্ডেনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির হলুদ রঙের সুজুকি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রান্তর সরদার তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই চালক সুজুকি মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, আলমতলা-কয়রা সড়কে দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করছে, যা পথচারীদের জন্য চরম ঝুঁকির কারণ। তাঁরা দুর্ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেলচালককে শনাক্ত করে কঠোর আইনের আওতায় আনা এবং সড়কে গতি নিয়ন্ত্রক ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।












