বড়দলে দীর্ঘদিনের ভোগদখলীয় দোকান নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে ৩৯ বছর ধরে ভোগদখল করা একটি দোকানঘর নিয়ে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা করার অভিযোগ উঠেছে। মৃত নেছার আলী গাজীর ওয়ারিশদের অর্জিত এই সম্পত্তি ঘিরে প্রতিপক্ষ মিজানুর রহমান ফকির অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি ভুক্তভোগীদের।
জামালনগর গ্রামের শফিকুল ইসলাম জানান, ১৯৮৯ সালে গোয়ালডাঙ্গা বাজারে মিতালী ক্লাবের পূর্বে অবস্থিত একটি দোকানের পজেশন ইসমাইল ও আবদুস ছাত্তারের কাছ থেকে ক্রয় করেন তাঁর বাবা নেছার আলী গাজী। ১৯৯৮ সালে তিনি এটি পাঁচ ছেলের নামে লিখে দেন। দীর্ঘকাল নিজস্ব পরিচালনায় রাখার পর ২০২২ সালে দোকানটি চুক্তিতে ভাড়া দেওয়া হয়। ২০২৫ সালে ভাড়া তুলে নিয়ে তারা নিজেরা ব্যবসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি পানিসম্পদ মন্ত্রণালয়ের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি ইজারা নিয়ে নিয়মিত রাজস্ব পরিশোধের (এলএ কেস নম্বর: ১৪৯/৬৭-৬৮) তথ্যও দেন তিনি।
শফিকুল আরও অভিযোগ করেন, খেড়ুয়ারডাঙ্গা গ্রামের মিজানুর রহমান গত ২০ আগস্ট সদলবলে দোকানে এসে অহেতুক গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও বিপরীত পক্ষে মিথ্যা দাবি এনে পাল্টা মামলা করা হয়েছে।
এদিকে দোকানটির আইনি দখল ও দীর্ঘদিনের ব্যবসার সত্যতা নিশ্চিত করে লিখিত প্রত্যয়নপত্র দিয়েছেন গোয়ালডাঙ্গা বাজার কমিটির সভাপতি মো. মহিউদ্দীন এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বকুল। একই বিষয়ে প্রত্যয়ন দিয়েছেন বড়দল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন।








