তালার নাংলা গ্রামে ৩০টির বেশি গাছ কাটার অভিযোগ
গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার নাংলা গ্রামে পূর্বশত্রুতার জেরে ইমদাদুল শেখের বাগানের বিভিন্ন প্রজাতির ৩০টির বেশি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
স্থানীয় সূত্রে জানা যায়, নাংলা গ্রামের বসতবাড়ি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসী একটি ড্রেন উন্মুক্ত করে খালের সঙ্গে সংযুক্ত করেন। ওই কাজে ইমদাদুল শেখসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা নেতৃত্ব দেন। এর জের ধরে উথালী গ্রামের জমিতে ইমদাদুল শেখের লাগানো বাগানের বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ইমদাদুল শেখ জানান, তিনি জমিতে ঘাস কাটতে গিয়ে দেখতে পান, নাংলা গ্রামের আসাদুল শেখ ও ইব্রাহিম শেখ (পিতা: আবদুল শেখ) এবং মফিজুল (পিতা: আব্দুল মালেক শেখ) তাঁর বাগানের গাছ কাটছেন। কারণ জানতে চাইলে তাঁরা তাঁকে মারতে তেড়ে আসেন। পরে তিনি লোকজনকে খবর দিয়ে নিয়ে এসে দেখতে পান, তাঁর বাগানের প্রায় ১০-১৫টি সুপারিগাছ, ৬টি আমগাছ, ১০টি মেহগনিগাছ, একটি কাঁঠালগাছ ও দুটি লিচুগাছ কেটে ফেলা হয়েছে।
এ ঘটনায় ইমদাদুল শেখ তালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তালা থানার উপপরিদর্শক (এসআই) ফারুক ম-ল ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তালা থানার এসআই ফারুক ম-ল বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন প্রেরণের প্রক্রিয়া চলছে।










