মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি রবিউল বাশার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি রবিউল বাশার

বিএম আলাউদ্দীন, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা শেষে ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মহাদ্দিস রবিউল বাশার।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সমাজ ও এলাকার সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের কল্যাণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সাংবাদিকদের জন্য একটি সুন্দর ও আধুনিক প্রেসক্লাব থাকা প্রয়োজন।”

তিনি বলেন, কোনো তথ্য সংবাদ হিসেবে প্রকাশের আগে তা যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এমপি রবিউল বাশার আরও বলেন, আশাশুনি প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণের উদ্যোগ প্রশংসনীয়। ভবন নির্মাণসহ প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রেসক্লাবের সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক উপজেলা আমির প্রভাষক আব্দুর সবুর, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম লিংকন।

এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, আশাশুনি থানার এসআই দীপ্তিস কুমার, অ্যাডভোকেট শহিদুল ইসলাম বাচ্চু, জামায়াতের অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুস, যুব বিভাগের সভাপতি ডা. রোকনুজ্জামানসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Ads small one

আশাশুনিতে বৃষ্টির মধ্যে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
আশাশুনিতে বৃষ্টির মধ্যে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর

oplus_0

বিএম আলাউদ্দীন, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনিতে মুষলধারে বৃষ্টির মধ্যে পল্লী বিদ্যুতের একটি সিমেন্টের খুঁটি আকস্মিকভাবে ভেঙে পড়ে একটি ইজিবাইকের ওপর। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও হোটেলে অবস্থানরত লোকজন। তবে খুঁটির নিচে চাপা পড়ে ইজিবাইকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আশাশুনি বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার ডিস ও ওয়াইফাই লাইনসহ বিভিন্ন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে আশাশুনি সদরের জনতা ব্যাংক মোড়ে আজহারুলের হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে পল্লী বিদ্যুতের খুঁটিটি ভেঙে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় খুঁটির সঙ্গে থাকা বিপুলসংখ্যক বৈদ্যুতিক, ডিস ও ইন্টারনেটের তার ছড়িয়ে পড়ে পুরো সড়কে। খুঁটিটি ধান্যহাটি গ্রামের গণেশ মন্ডলের ছেলে ঝন্টু মন্ডলের একটি ইজিবাইকের ওপর পড়লেও সৌভাগ্যক্রমে ওই সময় ইজিবাইকে কোনো যাত্রী বা চালক ছিলেন না। ফলে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। পাশের হোটেল ও সড়কে থাকা লোকজনও দৌড়ে নিরাপদে সরে গিয়ে রক্ষা পান।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সড়কের ওপর অসংখ্য বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার ছড়িয়ে পড়ায় জনসাধারণের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একই সঙ্গে আশাশুনি বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ডিস ও ওয়াইফাই সেবা বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে আশাশুনি পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ভেঙে পড়া খুঁটি অপসারণ এবং সংস্কারের কাজ শুরু করেন।

আশাশুনি পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, “লবণাক্ততার কারণে সিমেন্টের পোলটিতে লোনা ধরে ক্ষত সৃষ্টি হয়েছিল। এরই মধ্যে মুষলধারে বৃষ্টির কারণে পোলটি ভেঙে পড়ে। দ্রুত সংস্কারের কাজ চলছে।”

স্থানীয়দের দাবি, জনবহুল আশাশুনি বাজার এলাকায় দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি এবং তারগুলো দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। এতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হবে।

আশাশুনিতে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
আশাশুনিতে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-আশাশুনি উপজেলার ১১ নম্বর কাদাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাদাকাটির সাবেক ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ (৫১) এবং আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এসএম জমির উদ্দিন গাজী (৪৯)।

পুলিশ সূত্রে জানা যায়, আশাশুনি থানার মামলা নং-২২/১০৯, তারিখ ২১ জুন ২০২৬-এর তদন্তে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে সোমবার দিবাগত গভীর রাতে দীপঙ্কর সরকার দ্বীপকে কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের নিজ বাড়ি এবং এসএম জমির উদ্দিন গাজীকে দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই জনকে পুলিশি প্রহরায় সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

oplus_0

আশাশুনি প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সাতক্ষীরার আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আশাশুনি সদরে বিক্ষোভ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম ছোট। বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও বুধহাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু জাহিদ সোহাগ এবং যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিন।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি পক্ষ নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে।