সীমান্তে আড়াই লাখ টাকার মালামাল ও ৮০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। পৃথক অন্য এক অভিযানে জেলা শহরের পিটিআই মাঠ এলাকা থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা ও কুশখালি বিওপির টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। পদ্মশাখরা বিওপির একটি দল সীমান্ত পিলার ১ থেকে আনুমানিক ১ কিলোমিটার ভেতরে রোব চেয়ারম্যানের মোড় এলাকা থেকে ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কাশির সিরাপ জব্দ করে। অন্যদিকে কুশখালি বিওপির দল মেইন পিলার ১২ থেকে ৫০০ গজ ভেতরে আমতলী এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। জব্দকৃত মালামালের মোট মূল্য ২ লাখ ৪৮ হাজার টাকা। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এগুলো আনা হচ্ছিল।
এদিকে একই দিন দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর পিটিআই মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাব-৬, সিপিসি-১-এর একটি আভিযানিক দল। সেখান থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ মো. আলমগীর হোসেন (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর দেবহাটা উপজেলার মাছ পারুলিয়া গ্রামের বাসিন্দা। র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, উদ্ধার করা মাদকদ্রব্যসহ আসামিকে আইনানুগ ব্যবস্থার জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হচ্ছে।









