জিপিএস প্রযুক্তিতে ইজিবাইক উদ্ধার, অভিযুক্তদের ছেড়ে দেওয়ার অভিযোগ
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে চুরি হওয়া একটি ইজিবাইক জিপিএস ট্র্যাকার প্রযুক্তির সাহায্যে শনাক্ত করে উদ্ধার করা হয়েছে। ৩১ আগস্ট দিবাগত রাতে ভুরুলিয়া ইউনিয়নের জাহাজঘাটা এলাকার রাশিদুল ইসলামের বাড়ির সামনে থেকে ইজিবাইকটি চুরি হয়। পরদিন সকালে জিপিএস অবস্থানের সূত্র ধরে চালকেরা আশাশুনি এলাকায় অভিযান চালিয়ে মুজাহিদ (৩৫) নামের এক যুবককে ইজিবাইকসহ আটক করেন।
পরে তাঁর দেওয়া তথ্যে মৌতলা ইউনিয়ন পরিষদের নির্দেশে শেখ উজ্জ্বল হোসেন (৪৫) নামের অপর এক সহযোগীকে আটক করা হয়। তবে পুলিশি প্রক্রিয়ায় মামলা না করে ইউপি চেয়ারম্যান তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল জানান, পুলিশকে জানিয়ে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, চোর আটকের বিষয়ে তিনি অবগত নন।









