আশাশুনির দরগাহপুরে বিনামূল্যে চক্ষু শিবির
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর কলেজিয়েট স্কুলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় রোগীদের এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে এবং দরগাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিক শেখ আসাদুজ্জামান মুকুলের সার্বিক সহযোগিতায় এ চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন দরগাহপুর কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডল।
ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের দৃষ্টিত্রুটি, চোখের চাপ ও নেত্রনালি পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়া হয়। পাশাপাশি স্বল্পমূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এ ছাড়া ছানি পড়া রোগীদের বাছাই করা হয়েছে, যাঁদের পরবর্তীতে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে লেন্স সংযোজন, অপারেশন, যাতায়াত ও খাওয়ার ব্যবস্থা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য মোঃ আবুল কালাম গাজী ও গ্রামীণ চক্ষু হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রোগীদের চিকিৎসা সেবা দেন গ্রামীণ চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ মনিরুজ্জামান।












