শ্যামনগরে সাংবাদিকদের বসতবাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে পারিবারিক পূর্বশত্রুতার জেরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংবাদকর্মী মাছুম বিল্লাহর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ৩ অক্টোবর সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগসূত্রে জানা যায়, বসতভিটার পাশে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে পোলট্রি খামার গড়ে তোলেন স্থানীয় এক বাসিন্দা। এর ফলে পরিবেশের ক্ষতি হওয়ায় নিয়ম মেনে খামার পরিচালনার অনুরোধ জানান মাছুম বিল্লাহর পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে ওই খামারের মালিক আদালতে একটি মামলা করেন, যার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে আগামী ৬ অক্টোবর। পাশাপাশি ওই পরিবারের গৃহপালিত ৩টি কবুতর আটকে রাখা হলে স্থানীয়দের সাহায্যে তা ফেরত আনতে গেলে গালিগালাজ করা হয়।
এরই জেরে ৩ অক্টোবর সকালে ওই ব্যক্তির ইন্ধনে তাঁর স্ত্রী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাছুম বিল্লাহর বসতবাড়ির সীমানা পিলার উপড়ে ফেলেন এবং ভিটার মাটি কেটে ধানের জমিতে ফেলে দেন। বাধা দিলে তিনি দা ও শাবল নিয়ে তেড়ে আসেন এবং ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দেন। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় অধিবাসীরা। শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. পিয়ার আলী জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।









