ফেসবুকে চাঁদাবাজির অভিযোগ: কেশবপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাঁদাবাজির তথ্য প্রচারের অভিযোগে করেছেন ৯নং গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা। তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার কেশবপুর প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে শেখ রুবেল হাসনাত পাশা বলেন, গত ২ অক্টোবর একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়। ওই পোস্টে দাবি করা হয়, তিনি জনৈক মহাদেব পালের কাছে ২০ লাখ এবং মনি শংকর সেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের হীন কর্মকান্ডের সঙ্গে তার বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, আমি ৯নং গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। একটি কুচক্রী মহল আমার এবং আমার দলের (বিএনপি) সুনাম ক্ষুণœ করতেই পরিকল্পিতভাবে এই ফেক আইডির মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।
সংবাদ সম্মেলনে রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বিগত দুটি ইউপি নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আগামী নির্বাচনেও দল মনোনয়ন দিলে তিনি অংশ নেবেন। মূলত রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতেই একটি মহল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আশা প্রকাশ করেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং গুজব রটনাকারী এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে তিনি গণমাধ্যমকর্মী ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।









