তালার শাহাজাতপুর ইউসুফগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন
তালা প্রতিনিধি: তালার খেশরায় শাহাজাতপুর ইউসুফগঞ্জ বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শাহাজাতপুর ইউসুফ স্মৃতি সংঘের কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়।
এতে চেয়ার প্রতীক নিয়ে পল্লী চিকিৎসক মো. শফিকুল ইসলাম বুলবুল সভাপতি পদে জয়লাভ করেন। এ ছাড়া সমাজকল্যাণ সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম (মাছ প্রতীক) এবং ক্রীড়া সম্পাদক পদে মো. সুমন গাজী (ফুটবল প্রতীক) জয়লাভ করেন।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জি. এম. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ পদে মীর আজগর আলী, সাংগঠনিক সম্পাদক পদে মীর শাহিন, প্রচার সম্পাদক পদে মো. সোহেল রানা, দপ্তর সম্পাদক পদে মো. হাসান মোড়ল, কার্যকরী সদস্য পদে মো. আতিজুর রহমান শেখ এবং আমজাদ মোড়লকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সহসভাপতি (তিনটি), সহসাধারণ সম্পাদক, সহক্রীড়া সম্পাদক, সমবায় সম্পাদক, সাহিত্য সম্পাদক এবং কার্যকরী সদস্যের চারটি পদের মধ্যে দুটি পদে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি।
প্রধান নির্বাচন কমিশনার মো. আ. হক মোড়ল জানান, মোট ১৫০ জন ভোটারের মধ্যে ১৪২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর মনিটরিংয়ে দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। যেসব পদে প্রার্থীরা ছিলেন না, সেই শূন্যপদগুলো পরবর্তীতে নির্বাচিত কমিটি আলোচনা করে পূরণ করে নেবে।









