শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সনাতন ধর্মীয় শাস্ত্র মেনে তৈরি দুর্গা প্রতিমা পবিত্র শিল্পকর্ম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
সনাতন ধর্মীয় শাস্ত্র মেনে তৈরি দুর্গা প্রতিমা পবিত্র শিল্পকর্ম

প্রকাশ ঘোষ বিধান

সনাতন ধর্মীয় শাস্ত্র এবং ঐতিহ্য মেনে দুর্গা প্রতিমা তৈরি একটি অত্যন্ত পবিত্র এবং নিয়মতান্ত্রিক শিল্পকর্ম। প্রতিমা তৈরির প্রতিটি পদক্ষেপে সুনির্দিষ্ট আধ্যাত্মিক এবং সামাজিক নিয়ম জড়িয়ে রয়েছে, যা মূলত শুল্বসূত্র এবং মৎস্যপুরাণ-এর মতো প্রাচীন গ্রন্থে বর্ণিত শিল্পশাস্ত্র অনুযায়ী পরিচালিত হয়।

সনাতন ধর্মীয় শাস্ত্র ও পুরাণ অনুসারে দুর্গা প্রতিমা তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম, ধ্যানমন্ত্র এবং গঠনগত বিধান অনুসরণ করা হয়। ইচ্ছেমতো বা বিকৃত রূপ দিয়ে প্রতিমা তৈরি শাস্ত্রসম্মত নয়।

ধর্মীয় নীতি ও শাস্ত্রীয় নিয়ম মেনে দুর্গা প্রতিমা তৈরি একটি অত্যন্ত পবিত্র এবং সুনির্দিষ্ট প্রক্রিয়া। সনাতন ধর্মীয় বিশ্বাস এবং মৎস্যপুরাণ ও দেবীমাহাত্ম্য; শ্রীশ্রীচণ্ডী অনুযায়ী, দুর্গা প্রতিমা তৈরির প্রতিটি ধাপে নির্দিষ্ট আচার ও নিয়ম মেনে চলতে হয়।সনাতন ধর্মে প্রতিমা নির্মাণ কেবল একটি শিল্প নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক সাধনা ও লোকাচারের অংশ।

প্রতিমা তৈরির কাজ শুরু হয় কাঠামো পূজার মাধ্যমে। সাধারণত রথযাত্রার দিন বা জন্মাষ্টমীর মতো শুভ তিথিতে প্রতিমা তৈরির কাঠের ভিত্তি বা কাঠামোটি পূজা করা হয়। কাঠ এবং বাঁশ দিয়ে দেবীর অবয়ব বা কঙ্কাল তৈরি করা হয়, যা প্রতিমার পুরো ওজন ধরে রাখে।

শাস্ত্রীয় ও ঐতিহ্যগত নিয়ম অনুসারে, প্রতিমা তৈরির মাটি সাধারণ কোনো মাটি নয়। এতে কয়েকটি বিশেষ উপাদান মেশানো বাধ্যতামূলক।শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, দুর্গা প্রতিমা তৈরিতে বিশেষ কিছু স্থানের মাটির প্রয়োজন হয়, যাকে পঞ্চমৃত্তিকা বা পাঁচ ধরনের মাটি বলা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো: ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বেশ্যালয়ের বা পতিতালয়ের দরজার মাটি প্রতিমা তৈরির জন্য আবশ্যক। মনে করা হয়, একজন ব্যক্তি যখন সেখানে প্রবেশ করেন, তখন তিনি তার সমস্ত পুণ্য ও পবিত্রতা দরজায় রেখে ভেতরে যান। তাই ওই মাটি অত্যন্ত পবিত্র হয়ে ওঠে। সমাজ থেকে অবহেলিত এই নারীদের সম্মান জানানো এবং দেবীর সর্বজনীন রূপ ফুটিয়ে তুলতেও এই প্রথা পালন করা হয়। এই মাটি পুরোহিত নিজে গিয়ে চেয়ে নিয়ে আসেন, এটি জোর করে বা টাকা দিয়ে কেনার নিয়ম নেই। এ ছাড়া নদীর তীরের মাটি, গোয়ালঘরের মাটি, চৌমাথার (চার রাস্তার মোড়) মাটি এবং রাজপ্রাসাদের বা রাজদ্বারের মাটি সংগ্রহ করতে হয়।

বৃহন্নন্দিকেশ্বর পুরাণ বা অন্যান্য শাক্ত ও পৌরাণিক শাস্ত্রের নির্দেশিত ধ্যানমন্ত্র অনুসারে দেবীর রূপ কল্পনা করতে হয়। নিজের ইচ্ছামতো বা দৃষ্টিকটু আধুনিক থিমের নামে শাস্ত্রবিরোধী রূপ দেওয়া অনুচিত। দেবী দুর্গা সাধারণত দশটি হাতে বিভিন্ন অস্ত্রধারী এবং সিংহবাহিনী রূপে মহিষাসুরমর্দিনী হিসেবে প্রতিমা তৈরি হন। তার পদমূলে মহিষাসুর অবস্থান করে।

শাস্ত্রে প্রতিমার অঙ্গ-প্রত্যঙ্গের সুনির্দিষ্ট পরিমাপ দেওয়া আছে। দেবী দুর্গার মূর্তি সাধারণত দশতাল(মাথার পরিমাপের দশ গুণ) নিয়মে তৈরি হয়। দেবী দুর্গার দশটি হাত মহাবিশ্বের দশটি দিক রক্ষা করার প্রতীক।

ঐতিহ্যগতভাবে প্রতিমায় রাসায়নিক রঙের বদলে খড়িমাটি, ভূষো কালি, শিউলি ফুলের বোঁটার রস, এবং বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে রং করার নিয়ম। সাধারণত প্রতিমার ভেতরের কাঠামো তৈরি করা হয় বাঁশ ও খড় দিয়ে। শাস্ত্রে দেবীর গায়ের রং তপ্তকাঞ্চনবর্ণ (গলানো সোনার মতো উজ্জ্বল হলুদ বা সোনালী) বা অতসী পুষ্পবর্ণ (উজ্জ্বল হলুদ) হওয়ার কথা বলা হয়েছে। কোনো কৃত্রিম বা প্লাস্টিকের জিনিস এখানে ব্যবহার করা নিষিদ্ধ।

মা দুর্গা দশভূজা এবং তিনি মহিষাসুরমর্দিনী রূপে সিংহের পিঠে চড়ে অসুর বধ করছেন। দেবীর পায়ের নিচে মহিষাসুর এবং সিংহের অবস্থানও শাস্ত্রীয় পরিমাপ অনুযায়ী নিখুঁত হতে হয়। দেবীর ডানে থাকেন দেবী লক্ষ্মী ও গণেশ এবং বামে থাকেন দেবী সরস্বতী ও কার্তিক। প্রতিমার চালচিত্রে বা দেবীর মাথার ওপরে ভগবান শিবের ছবি বা ছোট মূর্তি থাকা বাধ্যতামূলক, কারণ শিব ছাড়া দুর্গা পূজা অসম্পূর্ণ।

দেবী দুর্গার চোখ বা চক্ষুদান এটি প্রতিমা তৈরির সবচেয়ে পবিত্র অংশ। মহালয়ার দিন বা শুক্লা দ্বিতীয়া-তৃতীয়া তিথিতে শিল্পী সম্পূর্ণ উপবাস থেকে অত্যন্ত ভক্তি সহকারে দেবীর চোখ আঁকেন, যাকে চক্ষুদান বলা হয়। চক্ষুদান সম্পন্ন হওয়ার পরই প্রতিমার নির্মাণ কাজ ধর্মীয়ভাবে সমাপ্ত বলে গণ্য হয় এবং প্রতিমাটি পূজার মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত হয়। পরবর্তীতে ষষ্ঠীর দিন বোধন ও প্রাণপ্রতিষ্ঠা আচারের মাধ্যমে এই মৃন্ময়ী (মাটির) প্রতিমায় দেবীর চিন্ময়ী রূপ বা প্রাণের আবাহন জানানো হয়।

সনাতন ধর্মীয় শাস্ত্র মেনে তৈরি দুর্গা প্রতিমা অবশ্যই একটি অত্যন্ত পবিত্র এবং উচ্চমানের শাস্ত্রীয় শিল্পকর্ম। এটি কেবল মাটির তৈরি কোনো সাধারণ ভাস্কর্য নয়, বরং এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক দর্শন, কঠোর শাস্ত্রীয় নিয়ম এবং শিল্পীর নিষ্ঠা। দুর্গা প্রতিমা হলো নান্দনিক শিল্পকলা এবং বৈদিক আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন, যা ভক্তদের মনে ভক্তিভাব জাগিয়ে তোলে এবং একই সাথে মৃৎশিল্পের এক অনন্য নিদর্শন হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত।

লেখক : সাংবাদিক ও কলামিস্ট

Ads small one

সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যা, ১০ জনের নামে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যা, ১০ জনের নামে মামলা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার জিয়ালা এলাকায় ঘেরে মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫৩) নামের এক মাছ চাষীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার নিহতের স্ত্রী সুলেখা মন্ডল বাদী হয়ে ১০ জনকে আসামী করে তালা থানায় এ মামলাটি দায়ের করেন। এদিন ভোর রাতে জিয়ালা গ্রামের উত্তর খোলা বিলে ক্ষিতিশ মন্ডলকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত হয়। বেলা ১২ টার দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ।

নিহত ক্ষিতিশ মন্ডল তালা সদরের জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে। তিনি নিজেও একজন ঘের ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জেয়ালা উত্তরখোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরি সন্দেহে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। আটকের পর স্থানীয় বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০-১৫ জন তাকে জেয়ালা শ্মশান ঘাট এলাকায় নিয়ে গাছে বেঁধে নির্মম নির্যাতন চালায়। নির্যাতনকারীরা তার হাত-পা ভেঙে দেয়, মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। ভোর পর্যন্ত তার ওপর এই বর্বর নির্যাতন চালানো হয়।

শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল বলেন, আমার চাচাতো ভাই ক্ষিতিশ মন্ডলের নিজেরই চার বিঘা জমির মাছের ঘের রয়েছে। চুরি সন্দেহে একটা মানুষকে রাতভর এভাবে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলবে? আমরা এই নৃশংস হত্যাকান্ডের ন্যায়বিচার চাই।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ চুরির অপবাদে পিটিয়ে ক্ষিতিশ মন্ডলকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সাতক্ষীরা পৃথক অভিযানে দুই বাল্যবিবাহ প্রতিরোধ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
সাতক্ষীরা পৃথক অভিযানে দুই বাল্যবিবাহ প্রতিরোধ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর ও তালায় পৃথক অভিযান চালিয়ে দুটি বাল্যবিবাহ সফলভাবে প্রতিরোধ করেছে প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এর মধ্যে একটি ঘটনায় বরের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাতক্ষীরা সদরের বাঁকাল এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের খবর পেয়ে তৎপর হয় মহিলা বিষয়ক অধিদপ্তর। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহারের নির্দেশে কিশোর-কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার আজিবর রহমান, করবী সুলতানা এবং প্রশিক্ষক তাসরিনা খাতুন ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে সদর থানা পুলিশের একটি দলও উপস্থিত হয়।

পুলিশ ও অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে বর পালিয়ে যায়। পরে জেলা প্রশাসক কাউসার আজিজের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক নাজমুন নাহার ঘটনাস্থলে পৌঁছান। এ সময় মেয়ের চাচার বাড়িতে বরের পিতা ও উভয় পক্ষের আত্মীয়স্বজনকে পাওয়া যায়।

বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামের বরের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ করে মুচলেকা দিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এ ছাড়া মেয়ের পিতা ও চাচার কাছ থেকেও মুচলেকা নেওয়া হয় এবং মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়।

অপরদিকে, একই দিনে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে আরেকটি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর তালার কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার প্রসেনজিৎ ঘোষ ও প্রশিক্ষক রাজিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের খবর পেয়ে বরের গাড়ি মাঝপথ থেকে ফিরে যায়। পরে মেয়ের পিতার কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

কেনাকাটা, ঘোরাঘুরি ও পছন্দের পণ্য গুড়পুকুর মেলায় নারীদের অভিজ্ঞতা 

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
কেনাকাটা, ঘোরাঘুরি ও পছন্দের পণ্য গুড়পুকুর মেলায় নারীদের অভিজ্ঞতা 

0-0x0-0-0#

মিলন বিশ্বাস : শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলায় বেড়েছে দর্শনার্থীদের ভিড়। শুক্রবার (১৬ অক্টোবর) মেলার বিভিন্ন প্রান্তে ছিল মানুষের সরব উপস্থিতি। দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন উপজেলা থেকে প্রতিমা দর্শনে আসা মানুষও ঘুরে দেখছেন গুড়পুকুর মেলা। এতে মেলার প্রাণচাঞ্চল্য বাড়ার পাশাপাশি বেচাকেনায় গতি ফিরছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মেলার মাঠজুড়ে সাজানো হয়েছে নানা ধরনের পণ্যের পসরা। পোশাক, প্রসাধনী, গৃহস্থালির সামগ্রী, শিশুদের খেলনা ও বাহারি সাজসজ্জার পণ্যের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা দেখা গেছে। বিশেষ করে নারীরা পছন্দের পণ্য বেছে নিতে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন। কেউ প্রয়োজনীয় সামগ্রী কিনছেন, আবার কেউ পরিবারের সদস্যদের সঙ্গে মেলা ঘুরে উপভোগ করছেন উৎসবের আনন্দ।

দুর্গাপূজাকে কেন্দ্র করে সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতি মেলায় বাড়তি মাত্রা যোগ করেছে। প্রতিমা দর্শনের পাশাপাশি অনেকে পরিবার-পরিজন নিয়ে গুড়পুকুর মেলায় আসছেন। কেনাকাটা, ঘোরাঘুরি ও পছন্দের খাবার উপভোগের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন তাঁরা। এতে মেলায় দর্শনার্থীদের সমাগম বাড়ার পাশাপাশি বিভিন্ন দোকানে বিক্রিও বাড়ছে।

মেলায় কেনাকাটা করতে আসা তালা উপজেলার জেয়ালা এলাকার কাকুলী ঘোষ বলেন, “গুড়পুকুর মেলায় এসে বেশ ভালো লাগছে। বিভিন্ন দোকানে ঘুরে পছন্দের জিনিস দেখেছি এবং কিছু প্রসাধনী কিনেছি। দামও সাধ্যের মধ্যে রয়েছে। সব মিলিয়ে কেনাকাটা করে আমি খুশি।”
খুলনার ডুমুরিয়া এলাকা থেকে আসা অরণ্য সাবিহা বলেন, “মেলায় অনেক ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। ঘুরে ঘুরে পছন্দের কিছু পোশাক ও সাজসজ্জার সামগ্রী কিনেছি। দাম মোটামুটি সাধ্যের মধ্যে রয়েছে। পরিবারের সঙ্গে মেলায় ঘোরাঘুরি ও কেনাকাটা দুটিই উপভোগ করছি।”

আশাশুনির মানিকখালি এলাকা থেকে আসা বীথি রানী বলেন, “মেলায় এসে বিভিন্ন ধরনের গৃহস্থালির সামগ্রী দেখেছি। প্রয়োজন অনুযায়ী পছন্দের কিছু জিনিস কিনেছি। দাম সাধ্যের মধ্যে থাকায় কেনাকাটা করতে সুবিধা হয়েছে। সব মিলিয়ে মেলায় এসে ভালো সময় কাটিয়েছি।”
এদিকে মেলায় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে। ভিড়ের মধ্যে যাতে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সে জন্য নিরাপত্তাব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দর্শনার্থীদের উপস্থিতি বাড়লেও সার্বিক নিরাপত্তাব্যবস্থা ভালো রয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলাকে ঘিরে স্থানীয় মানুষের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের আগ্রহও চোখে পড়ার মতো। দুর্গাপূজার আনন্দ, পরিবারের সঙ্গে ঘোরাঘুরি এবং পছন্দের পণ্য কেনার সুযোগ সব মিলিয়ে মেলাটি হয়ে উঠেছে মানুষের মিলনমেলা। দর্শনার্থীদের বাড়তি উপস্থিতিতে ব্যবসায়ীদের বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।