বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পারিবারিক বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় পারিবারিক বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে হোসনেআরা খাতুন (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগে জানা যায়, গত শুক্রবার বিকেলে কাটিয়া সরকারপাড়া এলাকার বাসিন্দা হোসনেআরা খাতুন বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হলে প্রতিপক্ষ তাঁর ওপর হামলা চালায়। কিল-ঘুষি ও লাঠিসোটার আঘাতে তাঁর নাক ফেটে রক্তক্ষরণ হয় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম সৃষ্টি হয়। হামলাকারীরা ভ্যানগাড়ি থেকে নগদ ৪ হাজার ৯০ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় এবং হত্যার হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
ঘটনায় কাটিয়া সরকারপাড়া এলাকার মো. মিয়াজুল হোসেন, মোছা. সাবিনা খাতুন ও মেহরাজ হোসেনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা প্রদান করে ঘটনাটিকে ‘পুলিশ কেস’ হিসেবে নথিবদ্ধ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Ads small one

আবার বাড়লো সয়াবিন তেলের দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
আবার বাড়লো সয়াবিন তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন মূল্য অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের বিদ্যমান মজুত পরিস্থিতি, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনের তথ্য এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে মূল্য পুনঃসমন্বয় না হওয়ায় ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।

আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার দর ও বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য পুনঃসমন্বয়ের দাবি জানায় সংগঠনটি।

এদিকে, বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শ্যামনগরে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
শ্যামনগরে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলের হারিয়ে যেতে বসা অচাষকৃত উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় খাদ্যসংস্কৃতির পুনরুজ্জীবন এবং নারীদের ঐতিহ্যগত জ্ঞান তুলে ধরতে সাতক্ষীরার শ্যামনগরে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের রাজা প্রতাপাদিত্যের বাসভবনসংলগ্ন হাসারচক দিঘির পাড়ে গ্রিন কোয়ালিশন ও স্থানীয় জনসংগঠনগুলোর উদ্যোগে এবং বারসিকের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

মেলায় ধুমঘাট ও হাসারচক গ্রামের পাঁচটি স্থানীয় জনসংগঠনের ২১ জন সদস্য অংশ নেন। তাঁদের মধ্যে ১০ জন অচাষকৃত উদ্ভিদের প্রদর্শনী এবং ১১ জন রান্না প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে থানকুনি, হেলেঞ্চা, শাপলা, কলমি, কচুশাক, তুলসী, ডুমুর, আকন্দসহ ৭৫ প্রজাতির অচাষকৃত উদ্ভিদ স্থান পায়।

প্রদর্শনীতে এসব উদ্ভিদের পরিচিতি, পুষ্টিগুণ, ঔষধি ব্যবহার, প্রাপ্তিস্থান ও সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর গ্রিন কোয়ালিশনের সভাপতি জিল্লুর রহমান।

আলোচনায় বক্তারা বলেন, রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, প্রাকৃতিক দুর্যোগ, কৃষিজমি হ্রাস এবং লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলীয় অঞ্চলের উদ্ভিদবৈচিত্র্য কমে যাচ্ছে। এসব দেশীয় উদ্ভিদ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

রান্না প্রতিযোগিতায় স্থানীয় নারীরা কুড়ানো শাক, মূল ও কন্দজাতীয় উপাদান দিয়ে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার তৈরি করেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে ফতেমা বেগম, নারগিস বেগম ও সরস্বতী রানী। অন্যদিকে উদ্ভিদ প্রদর্শনীতে প্রথম হন একাদশী, দ্বিতীয় ফজিলা বেগম ও তৃতীয় হাসিনা বেগম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

কাবা শরিফের সংক্ষিপ্ত ইতিহাস

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
কাবা শরিফের সংক্ষিপ্ত ইতিহাস

ভূমিকা: পবিত্র কাবা শরিফ পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য প্রতিষ্ঠিত প্রথম ঘর। সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত এই ঘর মুসলমানদের কিবলা এবং হজ ও উমরাহর প্রধান কেন্দ্র। সালাত, তাওয়াফ, হজ ও উমরাহসহ ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের সঙ্গে কাবা শরিফের গভীর সম্পর্ক রয়েছে। পবিত্র কুরআনে একে ‘আল-বাইত’, ‘আল-বাইতুল হারাম’ ও ‘বাক্কা’সহ বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে। কাবা শুধু একটি স্থাপনা নয়; এটি মুসলিম উম্মাহর ঐক্য ও তাওহিদের প্রতীক।

১. কাবার নির্মাণে ইবরাহিম (আ.) ও ইসমাইল (আ.)
কুরআন ও সহিহ হাদিস থেকে জানা যায়, হজরত ইবরাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.) কাবার ভিত্তি উঁচু করে নির্মাণ করেন। সহিহ বুখারির বর্ণনায় রয়েছে, ইবরাহিম (আ.) আল্লাহর নির্দেশে স্ত্রী হাজেরা (আ.) ও শিশু ইসমাইল (আ.)-কে মক্কার জনমানবহীন উপত্যকায় রেখে যান। পরবর্তী সময়ে ইসমাইল (আ.) বড় হলে পিতা-পুত্র মিলে কাবা নির্মাণ করেন। ইসমাইল (আ.) পাথর এনে দিতেন এবং ইবরাহিম (আ.) নির্মাণকাজ করতেন।

২. হাজেরা (আ.), জমজম ও কাবার ইতিহাস
কাবার ইতিহাসের সঙ্গে হাজেরা (আ.) ও জমজম কূপের ঘটনা গভীরভাবে জড়িত। ইবরাহিম (আ.) আল্লাহর নির্দেশে স্ত্রী হাজেরা (আ.) ও শিশু ইসমাইল (আ.)-কে পানিহীন ও জনবসতিহীন মক্কার উপত্যকায় রেখে যান।

এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘হে আমাদের রব! আমি আমার বংশধরদের এক অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে বসবাস করিয়েছি।’ (সূরা ইবরাহিম, ১৪:৩৭)।
পানি শেষ হয়ে গেলে হাজেরা (আ.) শিশুপুত্রের জন্য পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে ছোটাছুটি করেন। একপর্যায়ে আল্লাহর রহমতে জমজমের পানির উৎস সৃষ্টি হয়। এ ঘটনার স্মরণে হজ ও উমরাহর অন্যতম আমল হিসেবে সাফা-মারওয়ার মধ্যে সাঈ করা হয়।

৩. জমজমের আবির্ভাব ও মক্কায় জনবসতি
জমজমের পানি আবিষ্কারের পর মক্কার নির্জন উপত্যকায় জনবসতি গড়ে উঠতে শুরু করে। সহিহ বুখারির বর্ণনা অনুযায়ী, জুরহুম গোত্রের লোকেরা সেখানে বসবাস শুরু করে। ইসমাইল (আ.) তাদের সঙ্গে বড় হন এবং আরবি ভাষা শেখেন। এভাবেই মক্কা ধীরে ধীরে জনবসতিপূর্ণ এলাকায় পরিণত হয়।

৪. কাবা নির্মাণ ও মাকামে ইবরাহিম
কাবা নির্মাণের সময় দেয়াল উঁচু করার প্রয়োজন হলে ইবরাহিম (আ.) একটি পাথরের ওপর দাঁড়িয়ে কাজ করেন। ইসমাইল (আ.) তাঁকে নির্মাণসামগ্রী সরবরাহ করতেন। ঐতিহাসিকভাবে ওই পাথরটি মাকামে ইবরাহিম নামে পরিচিত।
আল্লাহ বলেন, ‘তোমরা মাকামে ইবরাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো।’ (সূরা আল-বাকারা, ২:১২৫)।

৫. তাওহিদের কেন্দ্র হিসেবে কাবা
ইবরাহিম (আ.) কাবাকে এক আল্লাহর ইবাদতের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন। আল্লাহ তাঁকে নির্দেশ দিয়েছিলেন, তাঁর সঙ্গে কাউকে শরিক না করতে।
কুরআনে বলা হয়েছে, ‘আমার সঙ্গে কোনো কিছুকে শরিক করো না।’ (সূরা আল-হজ, ২২:২৬)।

৬. কাবাকে কেন্দ্র করে হজের সূচনা
কাবা নির্মাণের পর আল্লাহ ইবরাহিম (আ.)-কে মানুষের মধ্যে হজের ঘোষণা দেওয়ার নির্দেশ দেন।
আল্লাহ বলেন, ‘আর মানুষের মধ্যে হজের ঘোষণা দাও; তারা তোমার কাছে আসবে পদব্রজে এবং প্রত্যেক ক্ষীণকায় উটের পিঠে, তারা আসবে দূর-দূরান্তের প্রত্যেক গভীর গিরিপথ থেকে।’ (সূরা আল-হজ, ২২:২৭)।
আজ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানদের মক্কায় সমবেত হওয়ার সঙ্গে এই ঐতিহাসিক আহ্বানের গভীর সম্পর্ক রয়েছে।

৭. কুরাইশদের কাবা পুনর্র্নিমাণ
রাসুলুল্লাহ (সা.) নবুওয়াত লাভের আগে কুরাইশরা কাবা পুনর্র্নিমাণ করে। এ সময় তারা কাবার মূল আয়তনের কিছু অংশ, বিশেষ করে হিজর বা হাতিমের অংশ, নির্মাণের বাইরে রাখে।
সহিহ মুসলিমে আয়িশা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) তাঁকে জানান, তাঁর সম্প্রদায় সদ্য ইসলাম গ্রহণ না করলে তিনি কাবাকে ইবরাহিম (আ.)-এর ভিত্তির ওপর পুনর্র্নিমাণ করতেন। এই হাদিস থেকে হিজর বা হাতিমের ঐতিহাসিক গুরুত্ব বোঝা যায়।

৮. হাজরে আসওয়াদ স্থাপনের ঘটনা
কুরাইশদের কাবা পুনর্র্নিমাণের সময় হাজরে আসওয়াদ যথাস্থানে স্থাপন করা নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে বিরোধ দেখা দেয়। সীরাতের প্রসিদ্ধ ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, নবুওয়াত লাভের আগে মুহাম্মদ (সা.) বিচক্ষণতার সঙ্গে এ বিরোধের সমাধান করেন। তিনি একটি চাদরের ওপর পাথরটি রেখে বিভিন্ন গোত্রের নেতাদের তা বহনে অংশ নিতে বলেন। পরে নিজ হাতে পাথরটি যথাস্থানে স্থাপন করেন।
উল্লেখ্য, এ ঘটনার বিস্তারিত বিবরণ সহিহ বুখারি বা সহিহ মুসলিমে নেই। তাই একে সীরাতের ঐতিহাসিক বর্ণনা হিসেবে উল্লেখ করাই যথাযথ।

৯. ইসলামের আগে কাবায় মূর্তিপূজা
ইবরাহিম (আ.)-এর প্রতিষ্ঠিত তাওহিদের কেন্দ্র একসময় মূর্তিপূজার স্থান হয়ে ওঠে। মক্কা বিজয়ের সময় কাবার চারপাশে ৩৬০টি মূর্তি ছিল বলে সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে।
রাসুলুল্লাহ (সা.) মূর্তিগুলো অপসারণ করেন এবং কুরআনের আয়াত পাঠ করেন, ‘সত্য এসেছে এবং অসত্য বিলুপ্ত হয়েছে।’ (সূরা আল-ইসরা, ১৭:৮১; সহিহ বুখারি, হাদিস ৪২৮৭)।

১০. মক্কা বিজয়ের পর কাবা শিরকমুক্ত হয়
মক্কা বিজয়ের পর রাসুলুল্লাহ (সা.) কাবার চারপাশের মূর্তি ও ভেতরের শিরকসংশ্লিষ্ট নিদর্শন অপসারণের ব্যবস্থা করেন। সহিহ বুখারির বর্ণনায় কাবার ভেতরের ছবি অপসারণের কথাও এসেছে। এভাবে কাবা পুনরায় এক আল্লাহর ইবাদতের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।

১১. মুসলমানদের কিবলা হিসেবে কাবা
ইসলামের প্রথম দিকে মুসলমানরা বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করতেন। পরে আল্লাহর নির্দেশে কাবা মুসলমানদের কিবলা নির্ধারিত হয়।
আল্লাহ বলেন, ‘অতএব তুমি তোমার মুখ মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও।’ (সূরা আল-বাকারা, ২:১৪৪)।
এরপর থেকে পৃথিবীর সব প্রান্তের মুসলমান সালাত আদায়ের সময় কাবার দিকে মুখ করেন।

১২. কাবার দিকে মুখ করার তাৎপর্য
মুসলমানরা কাবার ইবাদত করেন না; ইবাদত একমাত্র আল্লাহর জন্য। কাবা হলো আল্লাহ নির্ধারিত কিবলা এবং ইবাদতের কেন্দ্র। আল্লাহ বলেন, ‘অতএব তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো।’ (সূরা আল-কাওসার, ১০৮:২)।
অর্থাৎ কাবাকে কেন্দ্র করে ইবাদত করা হলেও উপাসনা একমাত্র আল্লাহর জন্যই নিবেদিত।

১৩. কাবা নিরাপদ ও সম্মানিত স্থান
আল্লাহ কাবাকে মানুষের জন্য প্রত্যাবর্তন ও নিরাপত্তার স্থান হিসেবে নির্ধারণ করেছেন।
কুরআনে বলা হয়েছে, ‘আর স্মরণ করো, যখন আমি এই ঘরকে মানুষের জন্য প্রত্যাবর্তনের স্থান ও নিরাপত্তার স্থান করেছিলাম।’ (সূরা আল-বাকারা, ২:১২৫)।
মক্কার বিশেষ মর্যাদার কারণে সেখানে শিকার, গাছপালা সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে বিশেষ বিধান রয়েছে।

১৪. কাবা ও হজের ফরজিয়ত
সামর্থ্যবান মুসলমানের ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ।
আল্লাহ বলেন, ‘মানুষের মধ্যে যে ব্যক্তি সেখানে যাওয়ার সামর্থ্য রাখে, তার ওপর আল্লাহর জন্য এই ঘরের হজ করা ফরজ।’ (সূরা আলে ইমরান, ৩:৯৭)।

১৫. কাবাকে কেন্দ্র করে তাওয়াফ
হজ ও উমরাহর অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো কাবাকে কেন্দ্র করে সাতবার তাওয়াফ করা।
আল্লাহ বলেন, ‘এবং তারা যেন প্রাচীন এই ঘরের তাওয়াফ করে।’ (সূরা আল-হজ, ২২:২৯)।

১৬. হাজরে আসওয়াদের মর্যাদা
হাজরে আসওয়াদ কাবার পূর্ব কোণে স্থাপিত একটি বিশেষ পাথর। হজ ও উমরাহর তাওয়াফের সময় সুযোগ থাকলে এটি চুম্বন করা বা স্পর্শ করা সুন্নত। তবে ভিড়ের মধ্যে অন্যকে কষ্ট দিয়ে তা করার কোনো সুযোগ নেই।
হজরত উমর (রা.) হাজরে আসওয়াদকে উদ্দেশ করে বলেছিলেন, এটি একটি পাথর, যা নিজে কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। তিনি রাসুলুল্লাহ (সা.)-কে এটি চুম্বন করতে না দেখলে নিজেও চুম্বন করতেন না।
সহিহ বুখারি ও সহিহ মুসলিমে বর্ণিত এ ঘটনা থেকে বোঝা যায়, হাজরে আসওয়াদকে সম্মান করা হয় রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত অনুসরণের অংশ হিসেবে; এর কোনো উপাসনা করা হয় না।

১৭. মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক কাবা
পৃথিবীর যেখানেই মুসলমান বসবাস করুন না কেন, সালাত আদায়ের সময় তাঁদের কিবলা এক ও অভিন্ন—পবিত্র কাবা শরিফ। বাংলাদেশ, সৌদি আরব, ইউরোপ, আমেরিকা কিংবা পৃথিবীর অন্য যেকোনো প্রান্তে মুসলমানরা একই কিবলার দিকে মুখ করে ইবাদত করেন।
এই অভিন্ন কিবলা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও তাওহিদের এক অনন্য প্রতীক।

উপসংহার: পবিত্র কাবা শরিফের ইতিহাস শুধু একটি স্থাপনার নির্মাণ ও পুনর্র্নিমাণের ইতিহাস নয়; এটি তাওহিদ, আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ, ধৈর্য ও মানবজাতির ঐক্যের ইতিহাস। ইবরাহিম (আ.) ও ইসমাইল (আ.)-এর নির্মাণকাজ থেকে শুরু করে রাসুলুল্লাহ (সা.)-এর মাধ্যমে কাবাকে শিরকমুক্ত করা এবং মুসলমানদের কিবলা হিসেবে প্রতিষ্ঠা—প্রতিটি অধ্যায় ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাই কাবা শরিফ মুসলমানদের কাছে শুধু পবিত্র স্থাপনা নয়, বরং আল্লাহর একত্ববাদ ও বিশ্ব মুসলিমের ঐক্যের চিরন্তন প্রতীক।

প্রেরক: জহুরুল হক