শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাস। তিনি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন দিক তুলে ধরেন।
উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের শিক্ষক সিদ্দিকুল ইসলাম বকুল ও বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী।
এ ছাড়া গণমাধ্যমকর্মী, বিভিন্ন এনজিও ও ভেটেরিনারি ওষুধ কোম্পানির প্রতিনিধি, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং খামারিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পশুপালন পদ্ধতি, খামারিদের উৎসাহিত করা এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন। এ সময় দুর্যোগপ্রবণ শ্যামনগর উপজেলায় অ্যানিমেল শেল্টার নির্মাণ এবং লবণসহিষ্ণু ঘাস চাষ সম্প্রসারণের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।




প্রকাশ ঘোষ বিধান







