আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আমান উল্লাহ বিশ্বাস ওরফে সেফ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাতে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আমান উল্লাহ উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মাছুম বিশ্বাসের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাত ৯টার দিকে ফকরাবাদে ভুক্তভোগী মাছুমা খাতুনের (৩৩) বসতঘরে প্রবেশ করে বাতি নিভিয়ে দেন অভিযুক্ত ব্যক্তি। এ সময় ওই নারী শয়নকক্ষে ছিলেন। অভিযোগ অনুযায়ী, এ সুযোগে তাঁকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
এ ঘটনায় সোমবার মাছুমা খাতুন থানায় লিখিত অভিযোগ দেন। পরে আশাশুনি থানায় মামলা নম্বর ২১, তারিখ ২৬ অক্টোবর ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।









