কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের শতবর্ষ উদ্যাপনের নিবন্ধন শুরু
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে ডিজিটাল নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়।
সকালে খুলনার জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি হুরে জান্নাত নিজ কার্যালয়ে নিবন্ধন করে কার্যক্রমের সূচনা করেন। সকাল ৯টায় প্রাক্তন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে আয়োজক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত রায় সাহেব বিনোদ বিহারী সাধুর আবক্ষ মূর্তিতে মাল্যদান, শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা, শতবর্ষের পতাকা উত্তোলন এবং প্রয়াত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালন করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে ডিজিটাল নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উদ্যাপন কমিটির আহ্বায়ক এ কে এম সাঈদ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মণ্ডল, সদস্যসচিব এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, প্রাক্তন প্রধান শিক্ষক মো. কবীর আহমেদসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সহচরী বিদ্যামন্দির শিক্ষক একাদশ ও হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক একাদশ অংশ নেয়। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া ও কুপন কমিটির আহ্বায়ক এম আজাদ হোসেন।
ছবি ক্যাপশন: কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে ডিজিটাল নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।









