শ্যামনগরে এইচএসসি, আলিম ও ভোকেশনালে এ প্লাস ২২ জনের
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে এইচএসসি, আলিম ও বিএম (ভোকেশনাল) পরীক্ষায় ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তবে উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় উপজেলার নয়টি কলেজ থেকে ১ হাজার ১৮০ জন অংশ নিয়ে পাস করেছেন ৪১৮ জন। পাসের হার ৩৫ দশমিক ৪২ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১২ জন।
আলিম পরীক্ষায় ১১টি প্রতিষ্ঠানের ৪১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২২০ জন। পাসের হার ৫৩ দশমিক ৬৬ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন।
অন্যদিকে, বিএম (ভোকেশনাল) পরীক্ষায় চারটি প্রতিষ্ঠানের ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৫ জন। পাসের হার ৪১ দশমিক ৪৪ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন।
উপজেলায় কোনো পরীক্ষার্থী পাস করেননি একে ফজলুল হক এমসিএ কলেজ থেকে। এ প্রতিষ্ঠান থেকে ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
এইচএসসি পরীক্ষায় শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের নয়জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলায় শীর্ষে রয়েছেন। আলিমে পাতাখালি ফাজিল মাদ্রাসার দুজন এবং বিএম (ভোকেশনাল) পরীক্ষায় শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাঁচজন জিপিএ-৫ পেয়েছেন।









