শ্যামনগরের মুন্সিগঞ্জে দুর্যোগ ঝুঁকি নিরূপণ কর্মশালা
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নারী নেতৃত্বাধীন উন্নয়ন সংস্থা প্রেরণার আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘দুর্বার—গার্লস লিড ক্লাইমেট সলিউশন’ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগজনিত ঝুঁকি চিহ্নিত করা এবং তা মোকাবিলায় কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন ছিল এর মূল উদ্দেশ্য।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, পরিচালনা কমিটির সভাপতি ইলা দেবী মল্লিক ও কোষাধ্যক্ষ কনিকা রানী সরকার।
কর্মশালায় মুন্সিগঞ্জ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্যরা অংশ নেন। তাঁরা নিজ নিজ এলাকার সমস্যা, দুর্যোগজনিত ঝুঁকি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। এ ছাড়া দুর্যোগ প্রস্তুতি, নিরাপদ পানীয় জল, ঝুঁকিপূর্ণ অবকাঠামো এবং কমিউনিটিভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অংশগ্রহণকারীরা বলেন, স্থানীয় মানুষের মতামত, অভিজ্ঞতা ও বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হলে দুর্যোগের ঝুঁকি টেকসইভাবে কমানো সম্ভব। তাঁরা কমিউনিটির উন্নয়ন, দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে প্রেরণার উদ্যোগের প্রতি সমর্থন জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।
কর্মশালায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ও নেতৃত্বের ভিত্তিতে বাস্তবসম্মত, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা প্রণয়নের আশাবাদ ব্যক্ত করা হয়।












